ক্যাটাগরি

মহামারী: চট্টগ্রামে বন্ধ পর্যটন কেন্দ্র, রেস্ট হাউসে থাকবে না অতিথিও

চট্টগ্রামে টুরিস্ট পুলিশের সুপার আপেল মাহমুদ জানিয়েছেন, পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়’স লেকসহ চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে কার্যকর এই নিষেধাজ্ঞা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলোতে আগামী দুই সপ্তাহ পর্যটকদের যাতায়াত বন্ধ থাকবে। পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট সব হোটেল, মোটেল ও রেস্ট হাউসগুলোও বন্ধ থাকবে।

নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র ফয়’স লেক সি ওয়ার্ল্ড পরিচালনাকারী কোম্পানি কনকর্ডের উপ-ব্যবস্থাপক (মার্কেটিং) বিশ্বজিৎ ঘোষ জানান, জেলা পরিষদের নির্দেশনা মেনে বৃহস্পতিবার থেকেই তারা দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখছেন। রেস্ট হাউসগুলোতেও পর্যটকের রাখা হচ্ছে না।

গত বছর মার্চে দেশে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর ১৮ মার্চ থেকে সব বিনোদন কেন্দ্র বন্ধ ছিল। পাঁচ মাস পর ২২ অগাস্ট থেকে আবার কেন্দ্রগুলো খুলতে শুরু করে।

এবার দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার পর্যটন কেন্দ্রগুলোতে লোক সমাগম নিষিদ্ধ হল।