ক্যাটাগরি

যুক্তরাজ্য বাদে ইউরোপ, আরও ১২ দেশের যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বলেছে, আগামী শনিবার থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ইউরোপের বাইরে নিষেধাজ্ঞার বাকি ১২টি দেশ হল- আর্জেন্টিনা, বাইরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও  উরুগুয়ে।

বৃহস্পতিবার বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব এয়ারলাইন্স এসব দেশ থেকে বাংলাদেশে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করে, তারা নিষেধাজ্ঞার এই সময়ে কেবল ট্রানজিট প্যাসেঞ্জার আনতে পারবে। তবে সেক্ষেত্রে ওই যাত্রীদের সেসব দেশে ট্রানজিটের সময় অবশ্যই বিমানবন্দরের টার্মিনাল ভবনের মধ্যে থাকতে হবে।

যে কোনো দেশ থেকে বাংলাদেশে আসার সময় বিমানন্দরে যাত্রীদের সঙ্গে অবশ্যই কোভিডমুক্ত সনদ থাকতে হবে এবং বিমানবন্দরে তা দেখাতে হবে। টিকা দেওয়া থাক বা না থাক, এ নিয়ম সবার জন্য প্রযোজ্য হবে। বিমানে ওঠার ৭২ ঘণ্টা বা তার কম সময়ের মধ্যে নমুনা দিয়ে পিসিআর টেস্টের মাধ্যমে এই কোভিডমুক্ত সনদ পেতে হবে।

বাংলাদেশে পৌঁছানোর পর বিমানবন্দরে যাত্রীদের মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ-উপসর্গ না থাকলে তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে বিমানবন্দরে কারও লক্ষণ-উপসর্গ দেখা গেলে তাকে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বা হোটেলে নিজ খরচে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে।

গত বছরের ৮ মার্চ দেশে
করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার পর বৃহস্পতিবার পর্যন্ত
৬ লাখ ১৭ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে; সরকারি হিসাবে মৃত্যু হয়েছে ৯ হাজার ১০৫
জনের।