ক্যাটাগরি

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি নেতা মোশাররফ

সাবেক চার দলীয় জোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী
মোশাররফ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দুজনেরই জ্বর, কাশি
আছে, খাবারে রুচি নেই। কথা বলতে কষ্ট হয়।”

গত সোমবার খন্দকার মোশাররফ ও তার স্ত্রীর
করোনাভাইরাস পরীক্ষার পর মঙ্গলবার ফলাফল ‘পজিটিভ আসে।

এরপর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাদের
স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে তাদের ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার
খন্দকার মারুফ হোসেন জানান।

বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি দেশবাসীর
কাছে বাবা-মায়ের জন্য দোয়া চেয়েছেন তিনি।

৭৪ বছর বয়সী খন্দকার মোশাররফ কুমিল্লা-২
আসনের সাবেক সাংসদ। তিনি স্বাস্থ্য ছাড়াও বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ এবং স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন বিএনপির আমলে। এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে
শিক্ষকতাও করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিফোনে খন্দকার মোশাররফ ও তার স্ত্রীর খোঁজ-খবর
নিয়েছেন।