ক্যাটাগরি

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭০, নিখোঁজ ৭০

সোমবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি এসব তথ্য জানিয়েছে।

সংস্থাটির মুখপাত্র রাদিত্য জাতি জানিয়েছেন, প্রায় ৩০ হাজার লোক বন্যা কবলিত হয়েছেন, তাদের মধ্যে অনেকে ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে উঠেছেন; কিন্তু পাঁচটি সেতু ভেঙে যাওয়ায় ও উপড়ে পড়া গাছে কিছু রাস্তা বন্ধ হয়ে থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।  

বেশ কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত পূর্ব নুসা তেংগারা প্রদেশে প্রবল বৃষ্টির মধ্যে আকস্মিক বন্যা, ভূমিধস ও ঝড়ে ঘরবাড়ি হারানো প্রায় ৪০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

কয়েকশত ঘরবাড়ি ও সোলার পাওয়ার প্ল্যান্টসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিএনপিবি জানিয়েছে। ঘূণিঝড়ের কারণে সৃষ্ট প্রায় ছয় মিটার উঁচু ঢেউয়ের তোড়ে কয়েকটি জাহাজ ও ইঞ্জিন বোট ডুবে গেছে।  

“(দুর্গতদের জন্য) খাবার, কম্বল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছি আমরা,” বলেছেন মুখপাত্র রাদিত্য।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট জোকো উয়িদোদো সমবেদনা প্রকাশ করেছেন এবং চরম আবহাওয়া পরিস্থিতির সময় ওই অঞ্চলের বাসিন্দাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন, কিন্তু বিএনপিবি সংখ্যাটি নিশ্চিত করতে পারছে না বলে জানিয়েছে।  

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবার ভোররাতে ঘূর্ণিঝড় সেরোজা তিমুর দ্বীপের দক্ষিণপশ্চিমে সাভু সাগরে আঘাত হেনেছে, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের তীব্রতা আরও বৃদ্ধি পেয়ে আরও বৃষ্টি, ঢেউ ও ঝড় বয়ে যেতে পারে।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি পের্তামিনা জানিয়েছে, চরম আবহওয়া পরিস্থিতির কারণে নুসা তেংগারায় জ্বালানি তেল সরবরাহ করা যাচ্ছে না, কেরোসিনের একটি দোকান ও জ্বালানিবাহী চারটি লরি বন্যায় ডুবে গেছে।