ক্যাটাগরি

শাহরুখের মাঝে পোলার্ডের ছায়া দেখেন কুম্বলে

আগ্রাসী ব্যাটিংয়ে পোলার্ডের
সঙ্গে শাহরুখের মিল দেখেন কুম্বলে। তিন বছর মুম্বাইয়ের মেন্টর হিসেবে কাজ করার সময়
ক্যারিবিয়ান অলরাউন্ডারের বিধ্বংসী ব্যাটিং দেখেছেন খুব কাছ থেকে। ২০১৬ সালে
মুম্বাইয়ের দায়িত্ব ছাড়া ভারতের সাবেক এই লেগ স্পিনার মাঝে মধ্যে বল হাতে নেটে
মুখোমুখি হতেন পোলার্ডের।

এখন ২৫ বছর বয়সী শাহরুখকে
দেখছেন কুম্বলে। তবে এখন আর বল হাতে শিষ্যকে পরীক্ষা নিতে পারেন না, শরীর সমর্থন দেয় না বলে। নিজেও অবশ্য চান না, এক ভিডিও বার্তায় জানান পাঞ্জাব কোচ।

“সে (শাহরুখ) আসলে আমাকে
পোলার্ডের কথা মনে করিয়ে দেয়। যখন আমি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে ছিলাম, নেটে পোলার্ড ছিল খুবই ভয়ঙ্কর। আমি মাঝে মধ্যে নেটে বোলিং
করতাম। আর তাকে প্রথমেই বলে নিতাম, যেন সোজা না মারে।”

“এখানে আমি চেষ্টাও
(বোলিংয়ের) করছি না। বয়স হয়ে গেছে, শরীর এখন আর বোলিং করতে দেয় না। এটা নিশ্চিত, আমি শাহরুখকে বোলিং করব না।”

ভারতীয় ক্রিকেটে বিস্ফোরক
ব্যাটিংয়ের জন্য পরিচিত শাহরুখ এবার আইপিএলের নিলামে সাড়া ফেলে দেন। ২০ লাখ
ভিত্তিমূল্যের তামিলনাড়ুর মারমুখি মিডল অর্ডার ব্যাটসম্যানকে নিতে আগ্রহ দেখায়
দিল্লি ক্যাপিটালস, রয়্যাল
চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও। শেষ পর্যন্ত পাঞ্জাব তাকে দলে নেয় ৫ কোটি ২৫ লাখ রুপিতে।

আগামী শুক্রবার শুরু হবে
আইপিএলের এবারের আসর।