ক্যাটাগরি

সাঁতারে কাজল-ফয়সাল-জুয়েলের রেকর্ড

এছাড়া দলগত ১০০ মিটার
ফ্রিস্টাইল রিলে ইভেন্টে নৌবাহিনী রেকর্ড গড়ে সোনা জিতেছে।

মিরপুর সৈয়দ নজরুল ইসলাম
জাতীয় সুইমিং কমপ্লেক্সে সোমবার পুরুষ ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ১০.৯২ সেকেন্ড
সময় নিয়ে রেকর্ড গড়েন কাজল। সেনাবাহিনীর জুয়েলের ২০১৯ সালে গড়া রেকর্ড (২ মিনিট ১১.৫৭
সেকেন্ড) ভেঙেছেন তিনি।

এ ইভেন্টে রুপা জেতা
জুয়েলও (২ মিনিট ১১.১৭ সেকেন্ড) নিজের আগের রেকর্ড টাইমিং টপকে গেছেন। নৌবাহিনীর জাহিদুল
ইসলাম ব্রোঞ্জ জিতেছেন ২ মিনিট ১৬.৩৮ সেকেন্ড সময় নিয়ে।

পুরুষ ৪০০ মিটার ফ্রিস্টাইলে
ফয়সাল ৪ মিনিট ১৮.২৩ সেকেন্ড সময় নিয়ে নিজের রেকর্ড ভেঙেছেন। ২০১৯ সালে ৪ মিনিট ১৮.২৫
সেকেন্ড ছিল তার আগের রেকর্ড। নৌবাহিনীর রবিউল আউয়াল (৪ মিনিট ২০.০৮ সেকেন্ড) রুপা
ও নৌবাহিনীর কাজল মিয়া (৪ মিনিট ৩১.১৬ সেকেন্ড) ব্রোঞ্জ জিতেছেন।

পুরুষ ৫০ মিটার ব্যাকস্ট্রোকে
রেকর্ড গড়তে জুয়েলের সময় লেগেছে ২৭.৯৭ সেকেন্ড। ২০১৯ সালে ২৮.১২ সেকেন্ড সময় নিয়ে আগের
রেকর্ড গড়েছিলেন তিনিই। এ ইভেন্টে রুপা জয়ের পথে নৌবাহিনীর মাহমুদুন্নবী নাহিদের টাইমিং
২৮.১৭ সেকেন্ড। সেনাবাহিনীর আবু সালেক আহমেদ ২৮.২৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

পুরুষ ১০০ মিটার ফ্রিস্টাইল
রিলে ইভেন্টে রেকর্ড গড়েছে নৌবাহিনী। দলের হয়ে আসিফ রেজা, মাহমুদুন্নবী নাহিদ, অনিক
ইসলাম ও মাহফিজুর রহমান সাগর রেকর্ড গড়তে সময় নেন ৩ মিনিট ৩৭.৩৮ সেকেন্ড। নৌবাহিনীর
২০১৯ সালে গড়া আগের রেকর্ড ছিল ৩ মিনিট ৩৮.৪৫ সেকেন্ডের। এ ইভেন্টে সেনাবাহিনী ৩ মিনিট
৪৯.২০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছে। কিশোরগঞ্জের ভাটি বাংলা সুইমিং ক্লাব ৪ মিনিট
৭.২৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে।

মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে
সোনা জিতেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার (২ মিনিট ৪২.৫৩ সেকেন্ড)। রুপা জয়ী সেনাবাহিনীর
ফাতেমা আক্তারের টাইমিং ২ মিনিট ৫৩.২৭ সেকেন্ড। ব্রোঞ্জ পেয়েছেন সেনাবাহিনীর আরেক সাঁতারু
মুসলিমা খাতুন (৩ মিনিট ১২.৯০ সেকেন্ড)।

১ মিনিট ৭.০১ সেকেন্ড
সময় নিয়ে ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন সেনাবাহিনীর সুকুমার রাজবংশী।
নৌবাহিনীর আরিফুল ইসলাম ১ মিনিট ৭.৪৮ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন রুপা। নৌবাহিনীর শরিফুল
ইসলাম (১ মিনিট ৮.৫৮ সেকেন্ড) পেয়েছেন ব্রোঞ্জ।

মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ের
পর ৪০০ মিটার ফ্রিস্টাইলেও ৫ মিনিট ৭.৮৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন নৌবাহিনীর সোনিয়া
আক্তার টুম্পা। ৮০০ মিটার বাটারফ্লাই ও ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্ট নিয়ে তিন দিনে এটা
তার চতুর্থ ব্যক্তিগত সোনা।

এ ইভেন্টে সেনাবাহিনীর
নাঈমা আক্তার ৫ মিনিট ১৯.৮৫ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। ব্রোঞ্জ জয়ী সেনাবাহিনীর
আরেক সাঁতারু শারমিন সুলতানার টাইমিং ৫ মিনিট ২৭.০৯ সেকেন্ড।