বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেনন
টিকা নেন বলে তার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
টিকা নিয়ে মেনন বলেন, “মানুষের মধ্যে ভয়-ভীতি কাটিয়ে
সবাইকে করোনার টিকা নিতে হবে। বিশ্বব্যাপী করোনা মহামারি প্রতিরোধে অন্য অনেক
দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে। জনগণকে টিকা নেওয়ার ক্ষেত্রে আরও বেশি মাত্রায়
প্রচার-প্রচারণা চালাতে হবে।”
মেনন বলেন, “টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে
চলা ও জনসচেতনতার মাধ্যমে করোনা মোকাবেলা করা সম্ভব।”
এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার
জেনারেল নাজমুল হক উপস্থিত ছিলেন। এছাড়া ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য
মোস্তফা আলমগীর রতন, ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, সাধারণ সম্পাদক কিশোর রায়
উপস্থিত ছিলেন।
এদিকে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন
বাদশা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।
এসময় তার স্ত্রী নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সহসভাপতি তাসলিমা খাতুনও টিকা নেন।
বৃহস্পতিবার একযোগে সারাদেশে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া
শুরু হয়। পাশাপাশি নিবন্ধিতদের প্রথম ডোজের টিকাও দেওয়া হবে বলে জানানো হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান শুরুর পর এই পর্যন্ত ৫৫ লাখ
৬৮ হাজার ৭০৩ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন। তাদেরই এখন দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হল।
বাংলাদেশে দেওয়া হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার
টিকা কোভিশিল্ড। এই টিকার দুটি ডোজ নিতে হয়।