সোমবার থেকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসাপাতালে কেবিনে চিকিৎসাধীন আছেন তিনি। বুধবার রাত থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রয়োজন বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ।
জামিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোনও আইসিইউ বেড খালি না থাকায় বৃহস্পতিবার তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হচ্ছে।”
কবরীর কিডনির জটিলতার পাশাপাশি শারীরিক দুর্বলতার রয়েছে বলে জানান তিনি।
সোমবার কবরীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে বলে জানান কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন।
১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরুর ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘ঢেউয়ের পর ঢেউ’, ‘পরিচয়’, ‘অধিকার’, ‘বেঈমান’, ‘অবাক পৃথিবী’, ‘সোনালী আকাশ’, ‘দীপ নেভে নাই’-এর মতো দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন কবরী।
২০০৬ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আয়না’ মুক্তি পায়। ‘এই তুমি সেই তুমি’ নামে দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণ করছেন কবরী।