ক্যাটাগরি

জলবায়ু সম্মেলনে পৃথিবীকে রক্ষার কৌশল তৈরি হবে, আশা বিএনপির

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির
ঢাকা সফরের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা জলবায়ু বিষয়ক শীর্ষ
সম্মেলন বিষয়ে আলোচনার জন্য শুক্রবার দুপুরে ঢাকায় আসেন জন কেরি।

আগামী ২২ ও ২৩
এপ্রিল বাইডেনের আহ্বানে লিডার্স সামিট অন ক্লাইমেট অনুষ্ঠিত হবে। ওই সামিটে
বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এই সফর বলে জানিয়েছেন কেরি।

এই সম্মেলনের
পাশাপাশি নভেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ২৬তম সম্মেলন বা
‘কপ২৬’ নিয়ে আলোচনার জন্য সফর শুরু করেছেন বাইডেনের বিশেষ এই দূত।

মির্জা ফখরুল বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত বাইডেন
প্রশাসন জলবায়ু পরিবর্তনের বিষয়টাকে সম্পূর্ণ অগ্রাধিকার দিয়ে, গুরুত্ব দিয়ে বিশ্বের
৪০টি দেশের নেতৃবৃন্দের সঙ্গে ভার্চুয়ালি আলোচনা করবে এবং পরবর্তি সিদ্ধান্ত গ্রহণ
করবে।

“আমরা আমাদের দলের পক্ষ থেকে অবশ্যই এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।
আমরা অবশ্যই মার্কিন প্রেসিডেন্টের এই উদ্যোগকে সমর্থন করি।”

ফখরুল বলেন, “আমরা আশা করি, ৪০টি দেশের নেতৃবৃন্দের সঙ্গে বাইডেন
প্রশাসনের আলোচনা থেকে একটি পথ বেরিয়ে আসবে, একটা স্ট্র্যাটেজিক পলিসি তৈরি হবে। তাতে
আমরা ভবিষ্যতে এই পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারব।

বিএনপি সবসময় জলবায়ু পরিবর্তনের বিষয়টাকে গুরুত্ব দিয়ে আসছে
জানিয়ে ফখরুল বলেন, “বিশ্বের অস্তিত্ব আজ বিপন্ন হয়ে পড়েছে। উন্নত ও শিল্পোন্নত দেশসহ
সারা বিশ্বে যে কার্বন নিঃসরণ হয়, এর ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে।

“সেই পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, আক্রান্ত হবে যেসব
দেশ, তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ।”