ক্যাটাগরি

কবরীর অবস্থা স্থিতিশীল

রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) প্রায় এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন আছেন কবরী।

বুধবার কবরীর ছেলে শাকের চিশতী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার মাকে এখনও আইসিইউতে রাখা হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। খাওয়া-দাওয়া, কথাবার্তা চালিয়ে যেতে পারছেন তিনি।

করোনাভাইরাসের সংক্রমণে কবরীর ফুসফুসের যে ক্ষতি হয়েছে তা সারিয়ে তোলার জন্য তাকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন বলে জানান শাকের।

ধীরে ধীরে কবরীর অবস্থা উন্নতির দিকে যাচ্ছে জানিয়ে শাকের বলেন, “অবস্থার উন্নতি ঘটলে শিগগিরই হয়তো তাকে কেবিনে নেওয়া হতে পারে। সবার কাছে দোয়া চাইছি।”

গত ৫ এপ্রিল করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসার পরপরই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল কবরীকে।

পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ৮ এপ্রিল শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে।

কবরীর কিডনির জটিলতা ও শারীরিক দুর্বলতা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরুর ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘ঢেউয়ের পর ঢেউ’, ‘পরিচয়’, ‘দেবদাস’, ‘অধিকার’, ‘বেঈমান’, ‘অবাক পৃথিবী’, ‘সোনালী আকাশ’, ‘দীপ নেভে নাই’-এর ম‌তো দর্শক‌প্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন কবরী।

২০০৬ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আয়না’ মুক্তি পায়। ‘এই তুমি সেই তুমি’ না‌মে দ্বিতীয় চল‌চ্চিত্র নির্মাণ কর‌ছেন কবরী।