ক্যাটাগরি

মা-বাবার পাশে চিরনিদ্রায় মতিন খসরু

বৃহস্পতিবার বাদ আসর নিজ গ্রাম ব্রাহ্মণপাড়া উপজেলার মীরপুরে পঞ্চম জানাজা ও গার্ড অব অনার শেষে তাকে দাফন করা হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার বিকালে মারা যান আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের পাঁচ বারের সংসদ সদস্য ও সাবেক আইন মন্ত্রী আবদুল মতিন খসরু।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এই বীর মুক্তিযোদ্ধা সম্প্রতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার বক্সীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজা ও সকাল ১০টায় সুপ্রিম কোর্ট চত্বরে দ্বিতীয় জানাজা শেষে আবদুল মতিন খসরুর মরদেহ কুমিল্লায় আনা হয়।

বাদ জোহর বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা, বিকাল ৪টায় ব্রাহ্মণপাড়া সরকারি হাই স্কুল মাঠে ৪র্থ জানাজা এবং বাদ আসর মীর গ্রামের বাড়ি সংলগ্ন মসজিদ মাঠে ৫ম জানাজা অনুষ্ঠিত হয়।

আব্দুল মতিন খসরু। ফাইল ছবি

আব্দুল মতিন খসরু। ফাইল ছবি

করোনাভাইরাস মহামারীর মধ্যে লকডাউনে স্বাস্থ্যঝুঁকিতেও প্রতিটি জানাজাতে বিপুল মানুষ জানাজায় অংশ নিয়েছেন। 

আলোচনায় অন্যান্যের মধ্যে কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপনসহ দল ও প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য দেন। 

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কবির হোসেন, ব্রাহ্মণপাড়া বিএনপির সভাপতি জসিম উদ্দিনসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও বক্তব্য রাখেন। 

আলোচনা ও জানাজার নামাজ শেষে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ তার কফিনে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান।

আবদুল মতিন খসরু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ মার্চ সকালে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত ২৫ মার্চ রাতে আইসিইউতে নেওয়া হয়। পরে অবস্থায় উন্নতি হওয়ায় ৩১ মার্চ বুধবার কেবিনে নেওয়া হয়। এরপর তার করোনা পরীক্ষা করা হয় এবং ১ এপ্রিল পাওয়া রিপোর্ট নেগেটিভ আসে।

এরপর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে ৬ এপ্রিল আইসিইউতে নেওয়া হয় তাকে। ১৩ এপ্রিল তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই বুধবার বিকাল পৌনে ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।