ক্যাটাগরি

ফরিদপুরে হাসপাতলে ঢুকে হামলা, ছাত্রলীগ নেতা হাজতে

সোমবার বিচারিক হাকিম মো. শফিকুর রহমান এই আদেশ দেন।

গ্রেপ্তার দেবাশীষ নয়ন (৩২) জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী মহল্লার বাসিন্দা। তাদের বাড়ি সালথা উপজেলার আটঘর ইউনিয়নের আটঘর গ্রামে।

মামলার নথি থেকে জানা যায়, ফরিদপুর শহরের হরিসভা এলাকার বাসিন্দা ফাহিম আহমেদের স্ত্রী হীরা বেগম ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৩ ফেব্রুয়ারি রাতে কর্তব্যরত নার্স ইলার শিকদারের সঙ্গে ফাহিম আহমেদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে নার্স ইলা শিকদার দেবাশীষ নয়নকে খবর দিয়ে ডেকে আনেন। দেবাশীষ নয়ন এসে ফাহিম আহমেদের বুকে ছুরি মারেন। পরে ইলা ও দেবাশীষ পালিয়ে যান।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, কুপিয়ে জখম করার ঘটনায় ফাহিম আহমেদ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় নার্স ইলা শিকদার ও দেবাশীষ নয়নকে  আসামি করে মামলা করেছেন। 

এই মামলায় ইলা সিকদার ও দেবাশীষ নয়ন উচ্চ আদালত থেকে ২১ দিনের আগাম জামিন নেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

সুমন রঞ্জন সরকার বলেন, আগাম জামিন শেষ হওয়ার পর সোমবার ইলা ও দেবাশীষ ফরদপুরের এক নম্বর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত দেবাশীষের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে আদালত ইলার জামিন আবেদন মঞ্জুর করেছে।

সুমন রঞ্জন সরকার আরও বলেন, দেবাশীষকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হবে।