ক্যাটাগরি

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১০

সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামে এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন জানান।

আহতদের মধ্যে পাঁচজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এরা হলেন- দুলাল (৫৫), নুরুজ্জামান (৪৫), লিটন মিয়া (৫৫), রজব আলী (৫০) ও আবু হানিফ (৪৫)।

বিজয়নগর থানার এসআই ইউনুস বলেন, ডালপা গ্রামের খুরশিদ মিয়ার মেয়ের সঙ্গে পাঁচ দিন আগে একই গ্রামের দানু মিয়ার ছেলের বিয়ে হয়। কিন্তু খুরশীদের অন্য ভাইয়েরা এই বিয়েতে মত দেননি।

“এ নিয়ে রোববার খুরশিদের সঙ্গে তার ভাই সাচ্চুর কথা কাটাকাটি হয়। পরে এটি গোষ্ঠীগত বিবাদে রূপ নেয়। সোমবার সকালে উভয়পক্ষে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে কয়েকজন আহত হন।”

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।