ক্যাটাগরি

রোজায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু চট্টগ্রাম চেম্বারের

সোমবার নগরীর আগ্রাবাদে
চট্টগ্রাম চেম্বার হাউসের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি
মাহবুবুল আলম।

ছুটির দিন ছাড়া ২৬ রমজান
পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত আগ্রাবাদ চেম্বার হাউসের
সামনে এ কার্যক্রম চলবে বলে চেম্বারের বিজ্ঞপ্তিতে বলা হয়।

প্রতি কেজি আতপ ও সিদ্ধ চাল
৩০ টাকা এবং চিনি ৬০ টাকা দরে বিক্রি করা হচ্ছে এবং একজন একদিনে নির্ধারিত পণ্য
কিনতে পারবেন।

অনুষ্ঠানে চেম্বার সভাপতি
মাহবুবুল আলম বলেন, “সামাজিক দায়বদ্ধতার
অংশ হিসেবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে চট্টগ্রাম চেম্বার। এর অংশ হিসেবে
রোজায় ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি করছে।”

কোভিড-১৯ মহামারির সময়ে
চেম্বারের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, বাইপ্যাপ মেশিন,
অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মহামারীর কারণে সব দেশেই দ্রব্যমূল্য
বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে মাহবুবুল আলম বলেন,  “প্রধানমন্ত্রী
এক কোটি মানুষের জন্য ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য ক্রয়ের কার্ড প্রদান কার্যক্রম
বাস্তবায়ন করছেন যাতে প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হবেন।”

প্রত্যেক দোকানে পণ্যের
মূল্য তালিকা প্রদর্শনের অনুরোধ জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার
সংরক্ষণ অধিদপ্তরের পর্যবেক্ষণ কাজে সহযোগিতা করবেন বলে জানান চেম্বার সভাপতি।

এসময় চট্টগ্রাম চেম্বারের
সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালক অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর
দাশ, মো. ওমর ফারুক, হাসনাত মো. আবু ওবাইদা, শাহজাদা মো. ফৌজুল আলেফ খান উপস্থিত
ছিলেন।