ক্যাটাগরি

হাওরে ফসলহানি হলে হাহাকার দেখা দেবে: সুনামগঞ্জের এমপি

সোমবার সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি বলেন, “সুনামগঞ্জ হাওর এলাকার একমাত্র ফসল বোরো। এই ফসল ঘরে তুলতে ১০-১৫দিন সময় প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে বোরো ফসল হুমকির মুখে।”

তিনি বলেন, ১৩ লাখ টন উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে ১২টি উপজেলার ৫২টি হাওরে ২২ লাখ ২২ হাজার ২৯৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে এবার। কিন্তু সীমান্তের ওপার থেকে ঢল নেমে আসছে, সুনামগঞ্জে বৃষ্টিও হচ্ছে।

“মনে হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন এর গুরুত্বটা বুঝতে পারছে না। এই ফসলহানি হলে হাহাকার দেখা দেবে।… এক দিনের ভেতর একটা দুটা বাঁধ ভাঙা শুরু হলেই সমস্ত হাওর তলিয়ে যায় “

সুনামগঞ্জের এই সাংসদ বলেন, টাঙ্গুয়ার হাওরের নজরখালি বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকেছে। আরও কয়েকটি বাঁধে ধস দেখা দিয়েছে। স্থানীয় লোকজন বাঁধ রক্ষায় কাজ করছে।

“ফসল তোলার জন্য কয়েকটা দিন দরকার। এই ফসলকে গুরুত্ব দিয়ে পানি সম্পদ ও কৃষি মন্ত্রণালয়ের উচিত সমস্ত কিছু বাদ দিয়ে ফসল রক্ষা করা দরকার। ৯ লাখ টন ধান, এটা বিশাল বিষয়।”

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে সোমবার জানানো হয়েছে, গত তিন দিনে ভারতের চেরাপুঞ্জিতে ৩৫৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অথচ পূর্বাভাস ছিল ১০০ মিলিমিটার বৃষ্টির। রোববার পর্যন্ত চেরাপুঞ্জিতে প্রায় ৫৪৫ মিলিমিটার বৃষ্টিপাতের ফলে সীমান্তবর্তী সব নদ-নদীতে ঢল নেমেছে।

সাংসদ ফজলুর রহমান বলেন, “পানি সম্পদ প্রতিমন্ত্রী উপস্থিত আছেন, হাওরে বাঁধ নির্মাণ ও মেরামতের জন্য প্রায় ১২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। যেগুলো নির্মাণ হয়েছে সেগুলো সঠিকভাবে হয়েছে কি না, যদি না হয়ে থাকে স্পটে গিয়ে যেখানে যা দরকার তাই করতে হবে।”

বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যফেয়ার্সের (বিলিয়া) একটি গবেষণার তথ্য তুলে ধরে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু বলেন, “স্কুলের শিক্ষার্থীরা জাতীয় চার নেতার নাম শিক্ষার্থীরা জানে না, কোনো শিক্ষার্থী একজন শহীদ মুক্তিযোদ্ধারও নাম বলতে পারেনি, তারা স্মৃতিসৌধ ও শহীদ মিনারের মধ্যে পার্থক্য বোঝে না, ৩ নভেম্বর নিয়ে শতভাগ শিক্ষার্থীর ধারণা ভুল, দেশের প্রথম প্রধানমন্ত্রী কে তারা তা জানে না, স্বাধীনতাবিরোধীদের সম্পর্কে কিছুই বলতে পারে না।”

তিনি বলেন, “ভবিষ্যৎ প্রজন্ম যদি মুক্তিযুদ্ধ সম্পর্কে না জানে তা খুবই দুঃখজনক। এই গবেষণার ফলাফল সবাইক আতঙ্কিত করেছে। কেন শিক্ষার্থীরা জানবে না? গলদটা কোথায়? ভুলটা কোথায়?”

চুন্নু বলেন, “বিশেষ করে ইংরেজি মাধ্যমের স্কুলে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে শিক্ষা দেওয়া হয় না।”

প্রধানমন্ত্রীর প্রতি তিনি অনুরোধ করেন, যেন তিনি সব স্কুলে অষ্টম, নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস বাধ্যতামূলক করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেন।