বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে পণ্য খালাসের সময় গত ৩১ মার্চ জাহাজ থেকে সাগরে
পড়ে গিয়ে নিখোঁজ ছিলেন এনামুলক হক নামের ২৮ বছর বয়সী ওই তরুণ।
মঙ্গলবার উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের তুলাতলী এলাকার সমুদ্র উপকূল থেকে
তার লাশ উদ্ধার করা হয় বলে নৌ পুলিশের কুমিরা ফাঁড়ির পরিদর্শক একরাম উল্লাহ জানান।
এনামুলের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। চট্টগ্রামের ইপিজেড থানার আকমল আলী
সড়কে থেকে তিনি একটি লাইটারেজ জাহাজের শ্রমিক হিসেবে কাজ করতেন।
পরিদর্শক একরাম উল্লাহ বলেন, ঘটনার পর কোস্টগার্ড সাগরের বিভিন্ন স্থানে
তল্লাশি চালিয়েছিল, কিন্তু সে সময় এনামুলের খোঁজ মেলেনি।
মঙ্গলবার দুপুরে সাগরের উপকূলে লাশ ভাসতে দেখে স্থানীয় জেলেরা খবর দেয়,
তখন পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এনামুল নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী ইপিজেড থানায় একটি জিডি করেছিলেন। তার
স্বামীর পরনে লাল গেঞ্জি ছিল বলে সেখানে উল্লেখ করেছিলেন তিনি।
পরিদর্শক একরাম বলেন, সাগরে ভাসা লাশটির চেহেরা বিকৃত হয়ে গেলেও লাল গেঞ্জি
দেখে এনামুলের স্ত্রী ও ভাই লাশ শনাক্ত করেছেন।