ক্যাটাগরি

কুমিল্লায় খন্দকার মোশাররফের ম্যুরাল ভাঙচুর

সোমবার বিকালে দাউদকান্দি পৌরভবনের দেয়ালে স্থাপিত ম্যুরাল ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনী নামফলক শাবল দিয়ে খুঁচিয়ে ভেঙে ফেলা হয়।

এ ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তারা ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তার এবং ম্যুরাল ও উদ্বোধনী নামফলক পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন।

স্থানীয় বিএনপির নেতাকর্মীর অভিযোগ, সোমবার বেলা সাড়ে ৩টা থেকে প্রায় ৩০ মিনিট ধরে এ ভাঙচুর চলে। এ সময় পৌরভবনের আশপাশে আরও বেশ কয়েকজন যুবক পাহাড়া দেয়। তাই ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। 

খন্দকার মোশাররফের ছেলে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনায় আওয়ামী লীগকে দায়ি করেছেন এবং জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন তিনি।

এ বিষয়ে জানতে আওয়ামী লীগ দলীয় দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফের সেঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

দাউদকান্দি মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, খন্দকার মোশাররফ হোসেনের ম্যুরাল ও পৌরভবনের উদ্বোধনী নামফলক ভেঙে ফেলার বিষয়টি জানতে পারেন তিনি। তবে এ ঘটনায় এখনও  থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

১৯৯৫ সালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দি সদর দক্ষিণ ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করেন। ২০০১-২০০৬ মেয়াদে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী থাকাকালে তিনি পৌরভবন নির্মাণ ও উদ্বোধন করেন। তৎকালীন মেয়র নাসির উদ্দিন আহমেদ সরকার সম্মান জানিয়ে পৌরভবনে খন্দকার মোশাররফের একটি ম্যুরাল স্থাপন করেন।