উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গাববুনিয়া গ্রামে বুধবার রাত ৯টার দিকে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটে বলে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন জানান।
নিহত দিদারুল আলম মল্লিক (৫০) রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গাববুনিয়া গ্রামের ইউনুস মল্লিকের ছেলে।
আটক আব্দুস সাত্তার মল্লিক (৪৫) দিদারুলের আপন চাচাতো ভাই।
স্থানীয়দের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “কয়েক বছর আগে সাত্তারের স্ত্রী মারা যান। বুধবার রাতে দিদারুল তার চাচাত ভাই সাত্তারের ছেলে আবু বক্করকে ডেকে বলেন যে, তোমার বাবাকে একটা বিয়ে দাও। এই কথায় বক্কর রেগে গিয়ে তার বাবাকে সঙ্গে নিয়ে দিদারুলকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। এক পর্যায়ে আবু বক্কর ঘর থেকে দা এনে দিদারুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। ”
পরে বাড়ির লোকজন গুরুতর আহত অবস্থায় দিদারুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং সাত্তারকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাত্তার হত্যার কথা স্বীকার করেছে। তার ছেলে ছেলেকে ধরতে অভিযান চলছে।