মঙ্গলবার সকালে উখিয়ার ৫ নম্বর ক্যাম্পে পৌঁছালে ডেনিশ রাজকুমারীকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ মো. রেজওয়ান হায়াত।
এ সময় রাজকুমারী ড্যানিশ রিফিউজি কাউন্সিলের (ডিআরসি) উদ্যোগে বাস্তবায়নাধীন রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড় ধস রোধ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পর্যবেক্ষণ করেন।
এরপর মেরি উখিয়া উপজেলার ৮ ও ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। তিনি হেঁটে হেঁটে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন এবং বলপ্রয়োগে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নারী-শিশুদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে রাজকুমারী গাছের চারা রোপণ করেন এবং রোহিঙ্গা কোর্ডিনেশন অফিসে উপকারভোগী রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেন।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে রাজকুমারী উখিয়ার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকায় স্থানীয় ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয়রা বিভিন্ন বিষয়ে তাকে অবগত করেন।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ও সুন্দরবনের ঝুঁকিপূর্ণ মানুষের অবস্থা দেখতে তিন দিনের সফরে সোমবার বিকালে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান ডেনমার্কের রাজকুমারী।
সফরের প্রথম দিন গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডেনিশ রাজকুমারী।
দুপুরে রাজধানীর হোটেল লো মেরিডিয়ানে তার উপস্থিতিতে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।
পরে বিকালে তিনি কক্সবাজার পৌঁছান।
বুধবার সকালে কক্সবাজার থেকে হেলিকপ্টারে করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে যাবেন। এরপর উপকূলবাসীর সঙ্গে সময় কাটাবেন, সুন্দরবনে ঘুরবেন। স্থানীয় একটি রিসোর্টে খাওয়া-দাওয়া করবেন।
দুপুরের পর তিনি ঢাকায় ফিরবেন।
আরও পড়ুন:
ডেনমার্কের রাজকুমারী আসছেন সুন্দরবন, কঠোর নিরাপত্তা সাতক্ষীরায়