ক্যাটাগরি

নেদারল্যান্ডসে হর্টিকালচার এক্সপোতে বাংলাদেশ

বৃহস্পতিবার নেদারল্যান্ডসে সপ্তম আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশনে
(ফ্লোরিয়েড এক্সপো-২০২২) শুরু হয়েছে, যা চলবে ৯ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশসহ ৩২টি
দেশ অফিসিয়াল পার্টনার হিসাবে প্রদর্শনীতে অংশ নিচ্ছে।

বৃহস্পতিবার সচিবালয়ে এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে সংবাদ সম্মেলন
করেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে কাজ করছে সরকার। আন্তর্জাতিক
বাজারে প্রবেশের মাধ্যমে কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে প্রচেষ্টা চলছে। এ এক্সপোতে অংশগ্রহণের
মাধ্যমে কৃষিক্ষেত্রে দেশের অর্জিত বিস্ময়কর সাফল্য ও কৃষিপণ্যের রপ্তানি সম্ভাবনা
বিশ্ব দরবারে তুলে ধরা হবে।

সরকারের পাশাপাশি এসিআই, প্রাণ গ্রুপ, হাশেম ফুডস, স্কয়ার ফুডস, গ্লোবপ্যাক
ফুডস, বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড আ্যালাইড প্রডাক্টস এক্সপোর্টাস এসোসিয়েশনসহ
২০টি বেসরকারি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিচ্ছে।

মন্ত্রী বলেন, এক্সপোতে বাংলাদেশ নিজেদের উদ্ভাবন ও গ্রিন সল্যুশনস বিশ্ববাসীর
সামনে তুলে ধরছে। দেশের মানসম্মত নিরাপদ শাকসবজি, ফলমূল ও ফুলের এবং কৃষিপণ্যের প্রদর্শনীর
ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি, স্টলে দেশের কৃষির বিভিন্ন সাফল্যের উপর নির্মিত ১৩টি
ডিজিটাল ডিসপ্লে প্রদর্শন করা হচ্ছে।

“এর মাধ্যমে বিদেশে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টি
ও ব্রান্ডিং তৈরির সুযোগ হবে। আমসহ অন্যান্য ফল, ফসল ও প্রসেসড ফুড ইউরোপে রপ্তানির
বিদেশিদের সাথে আলোচনার ব্যবস্থা থাকবে,” বলেন রাজ্জাক।

আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশন প্রতি দশকে একবার নেদারল্যান্ডসে
অনুষ্ঠিত হয়। এবার বসেছে এক্সপোর সপ্তম আসর। এবারের প্রতিপাদ্য হলো ‘সবুজ
নগর গড়ে তোলা’।