|
তৃতীয় দিন শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৯৭ বাংলাদেশ ১ম ইনিংস: ৩৩ ওভারে ১৩৪/০ |
জুটির সেঞ্চুরিতে কাটল খরা
বিশ্ব ফার্নান্দোর অফ স্টাম্পের বাইরের বল ডিপ পয়েন্টে পাঠিয়ে এক রান নিলেন তামিম ইকবাল। এতে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে তার উদ্বোধনী জুটি রান স্পর্শ করল শতরান। কাটল দীর্ঘ খরা।
টেস্টে ৬১ ইনিংস পর শতরানের উদ্বোধনী জুটি পেল বাংলাদেশ। এর আগে সবশেষ ২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষেই গলে ১১৮ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তামিম ও সৌম্য সরকার।
তৃতীয় দিনের শুরু থেকে সাবলীল ব্যাটিং করছেন তামিম। সুযোগ পেলেই মারছেন বাউন্ডারি। তাকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন জয়।
২৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ১০৪।
৭৯ বলে ৮ চারে ৫৭ রান ব্যাট করছেন তামিম, আর জয় ৭৫ বলে ৬ চারে ৩৭ রান খেলছেন।
আগ্রাসী ব্যাটিংয়ে তামিমের ফিফটি
৩৫ রানে ব্যাটিং শুরু করে দিনের পঞ্চম ওভারেই পঞ্চাশে পা রাখলেন তামিম ইকবাল। অফ স্পিনার রমেশ মেন্ডিসকে কাট করে চার মেরে ৩২তম টেস্ট ফিফটি করলেন ৭৩ বলে।
শ্রীলঙ্কা দিনের বোলিং শুরু করে মেন্ডিসকে দিয়ে। ওভারে আসে ৩ রান। পরের ওভারে পেসার বিশ্ব ফার্নান্দোর প্রথম দুই বলে দুটি বাউন্ডারি মারেন তামিম। প্রথমটি গালি ও স্লিপ ফিল্ডারের মাঝ দিয়ে। পরেরটি গালি দিয়ে।
উইকেট ব্যাটিং সহায়ক
প্রথম দুই দিনে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের উইকেট ছিল ব্যাটিং সহায়ক। তৃতীয় দিনেও হয়তো বদলাচ্ছে না উইকেটের চরিত্র। ধারাভাষ্যকার ও বাংলাদেশের সাবেক ক্রিকেটার আতহার আলি খান পিচ রিপোর্টে বললেন, এখনও যথেষ্ট ব্যাটিং সহায়ক উইকেট।
লিড নেওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ
দ্বিতীয় দিন প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে চারশর আগে থামানোর পর তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। স্বাগতিকরা দিন শেষ করেছে কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান তুলে।
তামিম দিন শেষ করেন ৫ চারে ৫২ বলে ৩৫ রান করে, জয় অপরাজিত ৪ চারে ৬৬ বলে ৩১ করে।
এই দুজনের সৌজন্যে ১৩ ইনিংস পর টেস্টে অর্ধশত রানের উদ্বোধনী জুটি পেয়েছে বাংলাদেশ। এবার তাদের সামনে আরেকটি খরা কাটানোর হাতছানি।
২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষেই গলে ১১৮ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তামিম ও সৌম্য সরকার। সেই থেকে এবারের টেস্টের আগ পর্যন্ত ৬১ ইনিংসে শুরুর জুটিতে আর শতরান পায়নি বাংলাদেশ। এবার কাটবে সেই খরা?
সোমবার রাত ও মঙ্গলবার সকালে বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। তবে তৃতীয় দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়েই।
দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৯৭
বাংলাদেশ ১ম ইনিংস: ১৯ ওভারে ৭৬/০ (জয় ৩১*, তামিম ৩৫*; বিশ্ব ৪-০-১৭-০, আসিথা ৪-১-১৯-০, রমেশ ৭-১-১৯-০, এম্বুলদেনিয়া ৪-০-১৯-০)