চতুর্থ দিন
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৯৭
বাংলাদেশ ১ম ইনিংস: ১০৭ ওভারে ৩১৮/৩
বড় লিডে চোখ
তামিম ইকবালের সেঞ্চুরি আর তিন ফিফটিতে চট্টগ্রাম টেস্টের লাগাম
অনেকটাই বাংলাদেশের হাতে। বুধবার বড় লিড নিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে চায় মুমিনুল
হকের দল। এরপর চেপে ধরতে চায় শ্রীলঙ্কাকে।
৩ উইকেট হারিয়ে ৩১৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।
সফরকারীদের প্রথম ইনিংসের রান পেরিয়ে যেতে স্বাগতিকদের চাই স্রেফ আর ৮০ রান।
১৩৪ বলে ২ চারে ৫৩ রানে খেলছেন মুশফিকুর রহিম। দারুণ ছন্দে
থাকা লিটন দাস রান ১১৩ বলে ৮ চারে ৫৪। এই দুইজনের অবিচ্ছিন্ন জুটি ৯৮ রানের।
পায়ে ক্র্যাম্পের জন্য চা-বিরতির পর আর মাঠে নামেননি তামিম।
তবে তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলন ব্যাটিং কোচ জেমি সিডন্স জানান, ক্র্যাম্প
ছাড়া আর কোনো সমস্যা নেই বাঁহাতি এই ওপেনারের। প্রয়োজন হলে চতুর্থ দিন ব্যাটিংয়ে
নামবেন তিনি।
আগ্রহ নিয়ে অপেক্ষায়
শ্রীলঙ্কা
ম্যাচ দাঁড়িয়ে রোমাঞ্চকর এক বাঁকে। এখান থেকে যে কোনো দিকেই
ঘুরে যেতে পারে চট্টগ্রাম টেস্ট। আপাতত একটু এগিয়ে থাকলেও ভুল চালে পিছিয়ে যেতে পারে
বাংলাদেশ। চতুর্থ দিন বাংলাদেশের ব্যাটিংয়ের ধরণ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায়
শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউড।
তিন দিনেও শেষ হয়নি দুই দলের প্রথম ইনিংস। তিন দিন মিলিয়ে পড়েছে
কেবল ১৩ উইকেট। উইকেটে এখনও বোলারদের জন্য খুব বেশি কিছু নেই। তাই শেষ দুই দিনে ২৭
উইকেট পড়ার সম্ভাবনা খুব কম।
বাংলাদেশের সামনে সুযোগ আছে প্রথম ইনিংসে বড় লিড নিয়ে শ্রীলঙ্কাকে
চেপে ধরার। এর জন্য রান তুলতে হবে দ্রুত। আপাতত ওভার প্রতি ৩ করে রান তুলছে বাংলাদেশ।
এভাবে এগিয়ে গেলে শ্রীলঙ্কাকে আবার অলআউট করার জন্য যথষ্ট ওভার নাও পেতে পারে স্বাগতিকরা।
তাই একটু ঝুঁকি নিতে হতে পারে। বাংলাদেশ ঝুঁকি নিলে সেটা কাজে
লাগানোর জন্য প্রস্তুত শ্রীলঙ্কা। টেস্টের পরতে পরতে থাকে নানা লড়াই। চতুর্থ দিন
এমনই এক রোমাঞ্চকর লড়াইয়ের প্রতিশ্রুতি দিচ্ছে চট্টগ্রাম টেস্ট।
তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত
স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৯৭
বাংলাদেশ ১ম ইনিংস: ১০৭
ওভারে ৩১৮/৩ (আগের দিন ৭৬/০) (জয় ৫৮, তামিম ১৩৩ রিটায়ার্ড হার্ট, শান্ত ১, মুমিনুল
২, মুশফিক ৫৩*, লিটন ৫৪*; বিশ্ব ৮-০-৪২-০, আসিথা ১৬-২-৫৫-১, রমেশ ৩১-৮-৮৩-০, এম্বুলদেনিয়া
২৭-৬-৩৯-০, ধনঞ্জয়া ১৩-২-৩৯-০, রাজিথা ১১-৪-১৭-২)