ক্যাটাগরি

চেলসি ছেড়ে রিয়ালে রুডিগার

রিয়াল ও চেলসি দুই ক্লাবই বৃহস্পতিবার রুডিগারের সান্তিয়াগো বের্নাবেউয়ে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ফ্রি ট্রান্সফারে রুডিগারকে পেল রিয়াল। চেলসির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হতো আগামী ৩০ জুন। তবে এরপর যে তিনি আর ক্লাবটিতে থাকছেন না, সেটি নিশ্চিত ছিল আগে থেকেই। তার রিয়ালে যোগ দেওয়া নিয়েও শোনা যাচ্ছিল জোরাল গুঞ্জন।

রিয়াল আগামী ২০ জুন রুডিগারকে নিজেদের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে।

২০১৭ সালের জুলাইয়ে রোমা থেকে চেলসিতে পাড়ি দেওয়া রুডিগার এতদিন স্ট‍্যামফোর্ড ব্রিজের দলটির গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।

ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে পেরে দারুণ খুশি ২৯ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। টুইটারে লিখেছেন, রিয়ালের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি।

“সামনের চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করার ভাবনায় আমি দারুণ রোমাঞ্চিত। বিখ্যাত এই ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেলতে আমার তর সইছে না।”

সব প্রতিযোগিতা মিলিয়ে চেলসির হয়ে ২০০ ম্যাচ খেলেছেন রুডিগার। লন্ডনের ক্লাবটির হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ।

চলতি মৌসুমেও দারুণ ছন্দে ছিলেন তিনি। ২০২১-২২ চ্যাম্পিয়ন্স লিগের বর্ষসেরা একাদশেও ঠাঁই পেয়েছেন রুডিগার।

চেলসিতে পাড়ি দেওয়ার আগে দুই মৌসুম রোমায় ছিলেন রুডিগার। স্টুটগার্ট থেকে ২০১৫ সালে প্রথম দফায় ধারে ইতালিয়ান ক্লাবটিতে খেলেন তিনি। পরে পাকাপাকিভাবে তাকে দলে টানে রোমা।

২০১৪ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত জার্মানির হয়ে ৫০ ম্যাচ খেলেছেন তিনি।