চট্টগ্রাম থেকে রোববার তাদেরকে এ্যাম্বুলেন্স করে ঢাকায় নিয়ে আসা হয় জানান বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন।
আগুনে দগ্ধ পুলিশের এসআই কামরুল ইসলাম (৩৭) ছাড়াও বাকি তিনজন ওই ডিপোতেই কাজ করেন। তারা হলেন, ডিপোর সিকিউরিটি ইনচার্জ মাগফারুল ইসলাম (৬৫) ও ডিপোর প্রশাসনিক শাখার কর্মকর্তা খালেদুর রহমান (৬০) এবং ডিপোর কর্মচারী শেখ মঈনুল (৪০)।
তিনজনের মধ্যে মঈনুলের শরীরের ২৫ শতাংশ এবং বাকি দুজন মাগফারুল ও খালেদুরের শরীরে ৪ থেকে ১২ অংশ পুড়ে গেছে বলে জানান ডা. সামন্তলাল সেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “৫০০ শয্যার এই ইনস্টিটিউটটি সীতাকুণ্ডের রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত আছে।”
এসআই কামরুলের সঙ্গে আসা তার ভাই নেয়ামত উল্লাহ জিসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কামরুল চট্টগ্রামে শিল্প পুলিশ বিভাগে কাজ করেন। আগুন লাগার খবর জেনে ঘটনাস্থলে যাওয়ার পর বিস্ফোরণে দগ্ধ হন তিনি।
প্রথমে এসআই কামরুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হলেও সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে রাজারবাগ থেকে কামরুলকে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয় বলে জানান তার ভাই।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠিয়ে দেওয়ার পর শেখ মঈনুলকে নিয়ে তার স্বজনরা দুপুর আড়াইটার দিকে ঢাকার বার্ন ইন্সটিটিউটে পৌঁছান। তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।
বিএম ডিপোর সিকিউরিটি ইনচার্জ মাগফারুল ইসলাম ডিপোর ভেতরেই কোয়ার্টারে থাকতেন জানিয়ে তার ভাই আসাদুল হক বলেন, রাতে বিস্ফোরণের পর মাগফারুলকে প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হলেও সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।
মাগফারুলে হাত-পাসহ শরীর বেশ কিছু অংশ পুড়ে গেছে বলে জানান তার ভাই।
ডিপোর প্রশাসনিক শাখার কর্মকর্তা খালেদুর রহমানের মেয়ের জামাই মিনহাজুর রহমান জানান, তার শ্বশুড় পরিবার নিয়ে চট্টগ্রামের মোজাফ্ফর নগরে থাকতেন।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে একটি সহায়তা টিম খুলেছে ছাত্রলীগ। সন্ধানীও জরুরি রক্তদানে আলাদা একটি টিম তৈরি করেছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ মবাহাউদ্দি নাসিম দুপুরে বার্ন ইনস্টিটিউটে যান দগ্ধদের দেখতে।
সীতাকুণ্ডের ওই কন্টেইনার ডিপোতে শনিবার রাতে আগুন লাগার পর রোববার দুপুরেও পুরোপুরি নেভানো যায়নি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে; দগ্ধ ও আহত দুই শতাধিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।