বিবিসি জানায়, শনিবার এক টুইটে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিন ইইউ সদস্যভূক্ত ২৭ দেশের সবক’টিতেই ফাইজার-বায়োএনটেক এর টিকা সরবরাহ করার খবর নিশ্চিত করে জানিয়েছেন।
টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘আজ, আমরা একটি কঠিন বছরের পাতা উল্টে দেওয়ার কাজ শুরু করেছি। কোভিড-১৯ এর টিকা ইইউভুক্ত সব দেশে পাঠানো হয়েছে।”
Today, we start turning the page on a difficult year. The #COVID19 vaccine has been delivered to all EU countries.
Vaccination will begin tomorrow across the EU.
The #EUvaccinationdays are a touching moment of unity. Vaccination is the lasting way out of the pandemic. pic.twitter.com/pYOj5vS2gV
— Ursula von der Leyen (@vonderleyen) December 26, 2020
ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) এবং ইউরোপিয়ান কমিশন ফাইজার-বায়োএনটেক এর টিকা গণহারে ব্যবহারের জরুরি অনুমোদন দেওয়ার পর এ উদ্যোগ নেওয়া হয়।
বড় ধরনের এই কর্মসূচির আওতায় ইইউ দেশগুলোর ৪৪ কোটি ৬০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। রোববার থেকে এই কার্যক্রম শুরু হওয়ার কথা।
কিন্তু কয়েকটি দেশ রোববার পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয়। তারা শনিবার থেকেই টিকাদান শুরু করেছে। তারা বলেছে, তারা আরও একদিন অপেক্ষা করতে প্রস্তুত নয়।
জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পাহন শনিবার বলেন, ‘‘এটা সত্যি বড়দিনের খুশির বার্তা। এই মুহূর্তে টিকার প্রথম চালান নিয়ে পুরো ইউরোপজুড়ে লরি চলছে। আগামী পরশুদিন টিকার আরও চালান নিজ নিজ গন্তব্যে যাত্রা করবে।
“মহামারী প্রতিরোধে এই টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাবিকাঠি। এটা আমাদের জীবন আবার ফিরে পাওয়ার চাবি।” ওদিকে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমরা আবার আমাদের স্বাধীনতা ফিরে পাব। আমরা আবার একজন আরেকজনকে জড়িয়ে ধরতে পারব।”
ইউরোপে এখন পর্যন্ত ৩ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন এক কোটি ৪০ লাখের বেশি মানুষ।
শীতে আবারো মহামারীর প্রকোপ বেড়ে যাওয়া ইইউর বেশিভাগ দেশেই এখন কঠোর লকডাউন চলছে। বাতিল হয়েছে বড়দিন ও নববর্ষের ছুটির সব ধরনের উদযাপন।
সম্প্রতি যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তের পর ইউরোপজুড়ে উদ্বেগ আরো বেড়েছে। নতুন ‘স্ট্রেইন’ মূল ভাইরাস থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক।
তাই আর দেরি না করে উত্তর-পূর্ব জার্মানির স্বাস্থ্যকর্মীরা শনিবার থেকেই বয়স্কদের টিকা দেওয়া শুরু করেছেন। জার্মানিতে প্রথম টিকা পেয়েছেন হালবারস্টাডট শহরের নার্সিং হোমে বাস করা ১০১ বছর বয়সী এক নারী৷
হাঙ্গেরিতে শনিবার একজন চিকিৎসককে প্রথম টিকা দেওয়া হয়েছে। স্লোভাকিয়া কর্তৃপক্ষও শনিবার থেকে টিকা দেওয়ার শুরু করার কথা জানিয়েছেন।