ক্যাটাগরি

আতলেতিকোকে ফেভারিট মানছেন জিদান

ঘরের মাঠ আলফ্রেদো
দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার আতলেতিকোর মুখোমুখি হবে রিয়াল। বাংলাদেশ সময় রাত ২টায়
শুরু হবে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি।

শিরোপার দাবিদার
অন্য দলগুলো যখন যাচ্ছে উত্থান-পতনের মধ্য দিয়ে, তখন টানা সাত জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে
উঠে এসেছে আতলেতিকো। আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দলটির ১০ ম্যাচে পয়েন্ট ২৬।

দুই ম্যাচ বেশি
খেলে ১ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল সোসিয়েদাদ। ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চারে
আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। নবম স্থানে নেমে গেছে বার্সেলোনা।

মৌসুমের শুরু থেকে
বারবার হোঁচট খাওয়া জিদানের দল নিজেদের সবশেষ ম্যাচে অবশ্য ছন্দে ফেরার আভাস দিয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে ফুটবল খেলে হারায় বরুশিয়া মনশেনগ্লাডবাখকে। ওই জয়ে গ্রুপ
পর্ব থেকে ছিটকে পড়ার শঙ্কা দূরে ঠেলে গ্রুপ সেরা হয়েই নকআউট পর্বে ওঠে তারা।

দলটির সামনে এবার
পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। আতলেতিকোর বিপক্ষে যা মোটেও সহজ হবে
না। তবে মাঠের লড়াইয়ে আগের দিন সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে এগিয়ে রাখলেন জিদান।

ছবি: রিয়াল মাদ্রিদ

ছবি: রিয়াল মাদ্রিদ

“হ্যাঁ, অবশ্যই তাদের শিরোপার দাবিদার হিসেবে বিবেচনা
করা উচিত।”

“তারা সেটা মাঠে প্রমাণ করে চলেছে। তারা টেবিলের শীর্ষে
এবং তারা বরাবরই প্রতিপক্ষ হিসেবে কঠিন। আমরা তাদের শক্তি সম্পর্কে ভালভাবে জানি।”

লিগে নিজেদের সবশেষ
ম্যাচে গত সপ্তাহে সেভিয়ার মাঠ থেকে কোনোমতে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছিল রিয়াল। সব ম্যাচের
মতো আতলেতিকোর বিপক্ষে ‘বড় ম্যাচ’ও
জিততে চান ফরাসি কোচ।

“আমরা সব ম্যাচই জিততে চাই এবং বিশেষ করে এটি, কারণ এটা
বড় ম্যাচ। গত মৌসুমে আমরা শিরোপা জিতেছিলাম, এবার তা ধরে রাখতে চাই। শেষ পর্যন্ত আমরা
সেই চেষ্টা করে যাব।”

চোট কাটিয়ে মনশেনগ্লাডবাখের
বিপক্ষে ম্যাচেই দলে ফিরেছেন রিয়াল অধিনায়ক

সের্হিও রামোস।
ফেদে ভালভেরদে ও দানি কারভাহালও ফেরার খুব কাছে বলে জানালেন কোচ।

চোটের কারণে এখনও
দলটির বাইরে আছেন আক্রমণভাগের তিন খেলোয়াড় এদেন আজার, লুকা ইয়োভিচ ও মারিয়ানো দিয়াস
এবং মিডফিল্ডার মার্টিন ওডেগোর।