ক্যাটাগরি

চ্যাডওয়েক বোজম্যানের পরিবর্তন নয়

সুপারহিরো ছবি ‘ব্ল্যাক প্যান্থার’য়ের পরবর্তী ছবিতে প্রধান চরিত্রে রূপ দেওয়া মার্কিন অভিনেতা চ্যাডওয়েক বোজম্যানের জায়গায় অন্য কাউকে নেওয়া হবেনা বলে জানিয়েছেন মার্ভেল স্টুডিও’র প্রধান কেভিন ফাইগি।

বৃহস্পতিবার ডিজনি’তে বিনিয়োগকৃতদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে ফাইগি’র বক্তব্য অনুসারে রয়টার্স এই তথ্য জানায়।

ফাইগি বলেন, “বোজম্যান অভিনীত কাল্পনিক দেশ ওয়াকান্ডা’র কালো নেতার চরিত্রটি যেমন গৌরবের তেমনি তুলনাহীন। আর তা পরিবর্তন করা হবে না।”

বহুদিন ধরে কোলন ক্যান্সারে ভুগে অগাস্টে বোজম্যান ৪৩ বছর বয়সে মারা যান। এই রোগের কথা তিনি গোপন রেখেছিলেন।

ফাইগি আরও বলেন, “ব্ল্যাক প্যান্থার’য়ের পরবর্তী পর্বে বোজম্যানের উত্তরাধিকারিত্ব সম্মানের সঙ্গে ওয়াকান্ডার বিশ্ব জয়ের গল্পে যু্ক্ত হবে। পাশাপাশি প্রথম ছবির অন্যান্য চরিত্রগুলো এতে স্থান পাবে।”

বিস্তারিত না বললেও তিনি জানান ছবিটি ২০২২ সালের জুলাই মাসে মুক্তির তারিখ ঠিক করা হয়েছে।

ছবিতে বোজম্যান’কে ডিজিটাল কারিগরি সহয়তায় উপস্থাপন করা হবে- এরকম কথা ছড়িয়ে পড়ার পর ‘ব্ল্যাক প্যান্থার’য়ের কার্যনির্বাহী প্রযোজক ভিক্টোরিয়া অ্যালোনসো গত মাসে জানিয়েছিলেন, তাদের এরকম কোনো পরিকল্পনা নেই।

আর্জেটিনার সংবাদপত্র ক্লারিন’য়ে দেওয়া সাক্ষাৎকারে অ্যালোনসো আরও বলেছিলেন, “ছবির গল্প কীভাবে আগাবে সেই সিদ্ধান্তের জন্য চিত্রনির্মাতাদের সময় নিতে হচ্ছে।”

বোজম্যান অভিনীত চূড়ান্ত ছবি ‘মা রেইনি’স ব্ল্যাক বটম’ নেটফ্লিক্সে মুক্তি পাবে ১৮ ডিসেম্বর।