ক্যাটাগরি

ফটিকছড়িতে অবৈধ ৫ ইঁটভাটা উচ্ছেদ

মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা এ অভিযানে দুটি ইঁটভাটাকে মোট সাত লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
“মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক অবৈধ ইঁটভাটা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের তথ্যানুযায়ী ফটিকছড়ি উপজেলায় ৪১টি ইঁটভাটা অবৈধ। ফলে পর্যায়ক্রমে সবগুলো ইটভাটা উচ্ছেদ করা হবে।”

মঙ্গলবার উচ্ছেদ করা ইঁটভাটাগুলো হল- মের্সাস খাজা মঈনুদ্দিন চিশতী ব্রিকস ম্যানুফ্যাকচারিং, মেহেরুজ্জাহা ব্রিকস, মেসার্স এবি ব্রিকস ম্যানুফ্যাকচারিং,শাহ আমানত ব্রিকস ও নেক্সাস ব্রিকস।

এসময় কাঁচা ইট,
চুলা ও চিমনি ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,
“জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট তৈরি ও বিক্রি, কাঠ ব্যবহার করে চুলা জ্বালিয়ে এবং নিকটবর্তী পাহাড়ের মাটি কেটে পরিবেশের ক্ষতি সাধন করায়
‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩  অনুসারে এ বি ব্রিকস ম্যানুফ্যাকচারিং চার লক্ষ ৯৯ হাজার টাকা এবং শাহ আমানত ব্রিকস ফিল্ডকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

“অন্য ভাটাগুলোতে কেউ ছিল না। কাউকে না পাওয়ায় তাদের জরিমানা করা সম্ভব হয়নি।”

ইট ভাটাগুলোর অবস্থান নির্ধারণের ছাড়পত্র, বন বিভাগের ছাড়পত্র ও বিএসটিআইয়ের মানপত্র কিছুই নেই বলে জানান তিনি।

অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক জনাব মো. আফজালুর ইসলাম, চট্টগ্রাম জেলা পুলিশ, ফটিকছড়ি থানা পুলিশ, র‍্যাব-৭ এর সদস্যরা এবং ফায়ার সার্ভিসের একট দল অংশ নেন।