মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরা হয়।
‘শুধু ঘরের মানুষ আর পরিচিত মহলে নয়, আপনার রান্নার দক্ষতার কথা এবার জানবে সারাদেশ’- এই স্লোগান নিয়ে আয়োজিত এবারের প্রতিযোগিতা প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।
অনুষ্ঠানে জানানো হয়, সেরা রাঁধুনী ১৪২৭ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ৩০ ডিসেম্বর ২০২০ শুরু হয়ে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত চলবে। ১৮ বছরের বেশি বয়সী যে কোনো বাংলাদেশি নারী-পুরুষ এতে অংশ নিতে পারবেন।
এবারের সেরা রাঁধুনী’র রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় থাকছে কিছুটা ভিন্নতা। করোনাভাইরাসের প্রকোপের কারণে যেহেতু এখন পরিস্থিতি অন্যরকম, তাই অডিশন প্রক্রিয়ায় আনা হয়েছে নতুনত্ব।
এবার অংশ নিতে হলে রেজিস্ট্রেশনের সময় প্রতিযোগীদের নিজেদের একটি রান্নার ভিডিও তৈরি করে পাঠাতে হবে।
প্রতিযোগীরা তার রান্নার বিভিন্ন ধাপ পর্যায়ক্রমে ভিডিও করতে পারেন। কিংবা, তার তৈরি করা ডিশ সামনে রেখে ক্যামেরায় সেটি তৈরির উপকরণ এবং রান্নার প্রণালী বর্ণনা করেও ভিডিও তৈরি করতে পারেন।
তবে কেউ ভিডিও পাঠাতে অপারগ হলে রেসিপির ওয়ার্ড ফাইল বা স্পষ্টাক্ষরে হাতে লেখা রেসিপির ছবি তুলে সাথে খাবারসহ নিজের ছবি পাঠিয়েও প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।
রান্নার ভিডিও অথবা, রেসিপি, প্রতিযোগীদের ছবি ও অন্যান্য তথ্য দিয়ে সেরা রাঁধুনী’র নিজস্ব ওয়েবসাইটে জমা দিতে হবে।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম, বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ, মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুন্ডু, প্রতিযোগিতার তিন বিচারক শুভব্রত মৈত্র, রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা, অভিনয়শিল্পী দিলারা হানিফ পূর্ণিমা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে।