ইংলিশ
প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে ইউনাইটেড। অঁতনি
মার্সিয়াল স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর বারট্রান্ড ট্রাউরে সমতা ফেরান। পেনাল্টি থেকে ব্রুনো ফের্নান্দেসের
গোলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
দ্বিতীয় মিনিটে গোলের
জন্য প্রথম শট নেওয়া ম্যানচেস্টার শুরু থেকে চেপে ধরে অ্যাস্টন ভিলাকে। দশম মিনিটে
ডি বক্সের বাইরে থেকে জোরালো শট নেন মার্সিয়াল। কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন গোলরক্ষক
এমিলিয়ানো মার্তিনেস।
তিন মিনিট পর অনেকটা
খেলার ধারার বিপরীতেই সুযোগ আসে ভিলার সামনে। জন ম্যাকগিনের ভলি ঝাঁপিয়ে ফেরান ইউনাইটেড
গোলরক্ষক দাভিদ দে হেয়া।
ষোড়শ মিনিট ফ্রেদের
শট একটুর জন্য লক্ষ্য থাকেনি। ২০ মিনিট পর ব্রুনো ফের্নান্দেসও নেন লক্ষ্যভ্রষ্ট শট।
মার্সিয়ালের দারুণ
ফিনিশিংয়ে ৪০তম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। মার্কাস র্যাশফোর্ডের কাছ থেকে বল পেয়ে
দারুণ গতিতে ডান দিক থেকে এগিয়ে গিয়ে বক্সে ক্রস করেন অ্যারন ওয়ান-বিসাকা। দুই ডিফেন্ডারের
মাঝ থেকেও চমৎকার হেডে জাল খুঁজে নেন মার্সিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতে
আক্রমণাত্মক ফুটবলে ইউনাইটেডের রক্ষণে ভীতি ছড়ায় ভিলা। ৫০ থেকে ৫৪তম মিনিটে তাদের তিন
চেষ্টার দুটি ক্রসবার ঘেঁষে বাইরে চলে যায়, অন্যটি কর্নারের বিনিময়ে রক্ষা করেন দে
হেয়া।
একের পর এক আক্রমণের
সুফল দ্রুতই পায় দলটি। ৫৮তম মিনিটে সমতা ফেরান ট্রাউরে। জ্যাক গ্রেয়ালিশের নিচু ক্রস
খুঁজে পায় অরক্ষিত ট্রাউরে। বল নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন বুরকিনা
ফাসোর এই ফরোয়ার্ড।
অবশ্য দ্রুতই এগিয়ে
যায় ইউনাইটেড। ৬১তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান ২-১ করেন ফের্নান্দেস। পল পগবাকে
দগলাস লুইস ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা। ভিএআরেও টিকে যায় পেনাল্টি।
৭১তম মিনিটে মার্সিয়ালের
বুলেট গতির শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন মার্তিনেস। দুই মিনিট পর পগবার শট একটুর জন্য
লক্ষ্যে থাকেনি। ৭৭তম মিনিটে ফের্নান্দেসের শট ঝাঁপিয়ে কোনোমতে ব্যর্থ করে দেন আর্জেন্টাইন
গোলরক্ষক।
৮২তম মিনিটে ভিলা
ডিফেন্ডার টাইরন মিঙ্গসের হেড একটুর জন্য লক্ষ্যে থাকেনি। যোগ করা সময়ের প্রথম মিনিটে
ম্যাটি ক্যাশের বুলেট গতির শট ঝাঁপিয়ে ফেরান দে হেয়া।
১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট
নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। গোল পার্থক্যে পিছিয়ে দুই নম্বরে ইউনাইটেড।