ক্যাটাগরি

মানিকগঞ্জে ‘সর্দি-জ্বর’ নিয়ে নারীর মৃত্যু, নমুনা পাঠাল

রোববার সকালে ঘিওর উপজেলায় মুন্নু মেডিকেল হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

নিহত নারীর বয়স ২৭ বছর। তিনি থাকতেন জেলার হরিরামপুরের বড়ইছড়া গ্রামে।

এদিকে, ওই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক নিহতের শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন। মৃত্যুর কারণ নিশ্চিত করতে নমুনা সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

ঘিওর থানার ওসি আশরাফুল আলম বলেন, “ওই নারী প্রায় এক সপ্তাহ ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন। শনিবার তার পাতলা পায়খানা শুরু হয়।

“গুরুতর অসুস্থ অবস্থায় রোববার সকাল সাড়ে ৯টার দিকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় তাকে।”

হাসপাতালের উপ-পরিচালক সৈয়দ মুহাম্মদ মনিরুজ্জামান জানান, ওই নারীকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়।

“তার জ্বর, কাশি ও শ্বাসকষ্টসহ পাতলা পায়খানার লক্ষণ ছিল। মৃত্যুর আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সবগুলো লক্ষণই ছিল তার।”

সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, “ওই হাসপাতালে নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি কভিড-১৯ এ আক্রান্ত ছিলেন কিনা, তা পরীক্ষার জন্য আইইডিসিআর-এ মৃতের শরীর থেকে নমুনা নিয়ে পাঠানো হয়েছে।”

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, “ওই নারীর সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া তার পরিবারের সদস্য ও প্রতিবেশীদের কোয়ারেন্টিনে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”

টানা দুই দিন বাংলাদেশে নতুন কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে আইইডিসিআর।