ক্যাটাগরি

দক্ষিণ কোরিয়ার ট্যাংকার আটক করেছে ইরান

ইরানের গণমাধ্যমগুলো সোমবার একথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে ইরানের তহবিল জব্দ থাকা নিয়ে তেহরান ও সিউলের চলমান উত্তেজনার মধ্যে ট্যাংকার আটকের এ খবর এল।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম ট্যাংকার আটকের ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ‘হানকুক চেমি’ ট্যাংকারকে পাহারা দিয়ে নিয়ে আসছে ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর স্পিড বোট। ট্যাংকারটিতে ৭২ হাজার টন ইথানল রয়েছে বলে জানানো হয়েছে খবরে।

ট্যাংকারের সঙ্গে আটক করা হয়েছে এর ক্রুদেরকেও। এই ক্রুদের মধ্যে দক্ষিণ কোরিয়া ছাড়াও ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং মিয়ানমারের নাগরিক রয়েছে। তবে তাদের সংখ্যা কত তা জানানো হয়নি। ট্যাংকারটি রাখা হয়েছে ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে।

ব্রিটিশ ফার্ম আম্ব্রি জানিয়েছে, ডিএম শিপিং কোম্পানির মালিকানাধীন দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী ট্যাংকারটি সৌদি আরবের উপকূলীয় শহর জুবাইলের পেট্রোলিয়াম কেমিক্যাল টারমিনাল থেকে যাত্রা শুরু করেছিল। গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর।

যাত্রাপথে খুব সম্ভবত হরমুজ প্রণালীতে ট্যাংকারটি ইরানি বাহিনীর হাতে আটক হয়েছে বলে জানিয়েছে সামুদ্রিক পরিবহনের নিরাপত্তা বিষয়ক আরেকটি ফার্ম ড্রায়াড গ্লোবাল।

ট্যাংকার আটকের ঘটনা নিয়ে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রন্ত্রণালয় তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। ইরান কর্তৃপক্ষও এখনও বিষয়টি নিয়ে কিছু বলেনি।

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহর এ ঘটনার বিষয়ে অবগত আছে এবং পরিস্থিতি নজরে রেখেছে বলে জানিয়েছেন এক মুখপাত্র।

কয়েকদিনের মধ্যেই দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরে যাওয়ার কথা রয়েছে । তার আগে দিয়ে ট্যাংকার আটকের এ ঘটনা ঘটল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সোমবার জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই এই সফর হবে এবং সফরকালে দক্ষিণ কোরিয়ার ব্যাংকে ইরানের জব্দ থাকা ৭শ’ কোটি ডলারের তহবিল মুক্তির দাবি নিয়ে আলোচনা করা হবে।