ক্যাটাগরি

১৪ জানুয়ারি চীনে পৌঁছবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন সোমবার একথা জানিয়েছে।

প্রাথমিকভাবে জানুয়ারির শুরুর দিকেই বিশেষজ্ঞ দলটির চীনে ঢোকার কথা ছিল। কিন্তু চীন দলটিকে সেদেশে প্রবেশের অনুমতি না দেওয়ায় তাদের যাত্রায় এই দেরি হচ্ছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বিশেষজ্ঞদের পৌঁছানোর তারিখ ঘোষণা করলেও ভ্রমণের বিস্তারিত সম্পর্কে কিছু জানায়নি।

২০১৯ সালের শেষদিকে চীনের শহর উহান থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটে পরে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কয়েক মাস ধরে আলোচনার পর ডিসেম্বরে করোনাভাইরাসের উৎসের বিষয়টি ডব্লিউএইচও’র বিশেষজ্ঞদের খতিয়ে দেখতে দিতে রাজি হয়েছিল।

ডব্লিউএইচও’র দলটির দু্ই সদস্য চীনের উদ্দেশে রওনাও দিয়েছিলেন। কিন্তু ভিসা ছাড়পত্র না পাওয়ায় এদের মধ্যে একজনকে ফিরে যেতে হয়েছে এবং আরেকজন ট্রানজিট যাত্রী হিসেবে তৃতীয় আরেকটি দেশে অবস্থান নেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কোথাও ভুল বোঝাবুঝির কারণে এমন হয়েছে বলে জানিয়েছে।

চীন করোনাভাইরাসের প্রাদুর্ভাব ধামাচাপা দেওয়ার কারণে এর বিরুদ্ধে প্রাথমিক পদক্ষেপ নিতে দেরি হয়েছে এবং এটির ব্যাপক বিস্তার ঘটেছে বলে অভিযোগ আছে।