ক্যাটাগরি

আবরার হত্যা: ‘মায়ের অসুস্থতায়’ পেছাল তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

ঢাকার ১ নম্বর দ্রুত বিচার
ট্রাইবুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান সোমবার তার সাক্ষ্যগ্রহণের জন্য ১৯, ২০, ২১ জানুয়ারি দিন
রেখেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু
আবদুল্লাহ ভূঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার প্রথম তদন্ত কর্মকর্তা
চকবাজার থানার পরিদর্শক কবির হোসেন হাওলাদার আদালতে সাক্ষ্য দিতে আসেন।

“কিন্তু তার মা হঠাৎ অসুস্থ হওয়ায় তিনি
বিচারকের কাছে সময়ের আবেদন করে গাজীপুরে মায়ের বাড়ি চলে যান।”

এ মামলায় মোট ৬০ জন সাক্ষীর মধ্যে
৪৪ জনের সাক্ষ্য নেন বিচারক।

ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরার ফাহাদকে ডেকে নেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন
নেতাকর্মী। রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার
মরদেহ উদ্ধার করা হয়।

বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড
ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার শেরেবাংলা হলের ১০১১
নম্বর কক্ষে থাকতেন।

ওই ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ
বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

২০১৯ সালের ১৩ নভেম্বর ঢাকা মহানগর
হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী
কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।