এ বিষয়ে অবগত দুই কূটনীতিকের বরাত দিয়ে রোববার ব্লুমবার্গ নিউজ এ খবর জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টকে গুতেরেস শিগগিরই আনুষ্ঠানিকভাবে তার এই আগ্রহের কথা জানাবেন বলে জানানো হয়েছে খবরে।
৭১ বছর বয়সী আন্তোনিও গুতেরেস ২০১৭ সালের জানুয়ারিতে পাঁচ বছরের জন্য জাতিসংঘের নবম মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। চলতি বছরের শেষে তার মেয়াদ শেষ হবে।
ব্লুমবার্গ জানায়, দ্বিতীয় মেয়াদে মহাসচিব পদে থাকার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য গুতেরেস গতবছর ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলের অপেক্ষায় ছিলেন।
এখন জো বাইডেন নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় গুতেরেস আরেকবার মহাসচিব পদে থাকতে চান।
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ প্রায়শই বিরোধে জড়িয়েছে। ট্রাম্প আমলে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে সরে গেছে।
ইরানের সঙ্গে সই করা ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে এমনকী প্যারিস জলবায়ু চক্তি থেকেও যুক্তরাষ্ট্র সরে গেছে। সবকিছু থেকে যুক্তরাষ্ট্রের এই মুখ ফিরিয়ে নেওয়ায় হতাশ হয়েছে নিরাপত্তা পরিষদ।