ক্যাটাগরি

জুলহাজ-তনয় হত্যামামলায় আরও দুজনের সাক্ষ্য

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের
সামরিক শাখার প্রধান বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়াসহ আটজনের বিরুদ্ধে তারা সাক্ষ্য
দেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইবুনালে।

তাদের সাক্ষ্য নিয়ে বিচারক মো. মজিবুর রহমান
আগামী ১৯ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ঠিক করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম ছারোয়ার জাকির।

এ নিয়ে আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য
দিলেন পাঁচজন।

ধারাবাহিক জঙ্গি হামলার মধ্যে ২০১৬ সালের ২৫
এপ্রিল কলাবাগানের লেক সার্কাসে ইউএসএআইইডির কর্মকর্তা জুলহাজ মান্নানের বাড়িতে ঢুকে
তাকে এবং তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করা হয়।

ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাজের বড় ভাই মিনহাজ
মান্নান ইমন হত্যা মামলা করেন।

২০১৯ সালের ২৫ জুলাই জঙ্গি নেতা জিয়াসহ আটজনের
বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম
ইউনিটের পরিদর্শক মুহম্মদ মনিরুল ইসলাম।

মামলার অন্যতম আসামি আরাফাত রহমানের আইনজীবী
খায়রুল ইসলাম লিটন জানান, নিরাপত্তাকর্মী সুমন জেরার উত্তরে বলেন যে সেই বিকালে হামলার
সময় তিনি ঘুমাচ্ছিলেন। সহকর্মী অন্য নিরাপত্তাকর্মীর চিৎকারে তার ঘুম ভাঙে। তিনি ছুটে
এসে দেখেন, তার সহকর্মী জখম হয়েছেন। তখন গেইটের ভেতরে দুজন এবং বাইরে একজন দাঁড়িয়ে
ছিলেন, যারা তার অচেনা।

অন্য সাক্ষী আনোয়ার বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি
কোচিং থেকে ফেরার পথে হৈ চৈ, হট্টগোল শোনেন তিনি।

জিয়া ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- আকরাম
হোসেন, সাব্বিরুল হক চৌধুরী, জুনাইদ আহমদ ওরফে মওলানা জুনায়েদ আহম্মেদ ওরফে জুনায়েদ,
মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ ও আসাদুল্লাহ।

আসামিদের মধ্যে শেখ আবদুল্লাহ নিজেই নিজের
পক্ষে মামলা লড়ছেন।

আসামিদের মধ্যে জিয়া, আকরাম, সাব্বির ও জুনাইদ পলাতক রয়েছেন।