ক্যাটাগরি

আত্মসমর্পণ করে জামিন পেলেন বাউল শিল্পী রিতা দেওয়ান

বুধবার (১৩ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ
আস্সামছ জগলুল হোসেনের আদালতে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ও মো. নোমানের মাধ্যমে আত্মসমর্পণ
করে জামিন আবেদন করেন তিনি।

শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে নিশ্চিত করেছেন রিতা দেওয়ানের স্বামী মো.
আশরাফুল ইসলাম।

গতবছরের ২ ফেব্রুয়ারি রিতা দেওয়ানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা
আইনে মামলাটি দায়ের করেন আইনজীবী ইমরুল হাসান।

আদালত বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগ তদন্ত করে প্রতিবেদনে দিতে
পিবিআইকে নির্দেশ দেয়।

গত ২৯ অক্টোবর পিবিআইর পুলিশ পরিদর্শক শেখ মো. মিজানুর রহমান
তিনজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেন।

সেই প্রতিবেদন আমলে নিয়ে গত ২ ডিসেম্বর আদালত রিতা দেওয়ানসহ
তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরোয়ানার অন্য দুই আসামি হলেন শাজাহান
ও ইকবাল।

এদিকে ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগের আরেক মামলায় রিতা দেওয়ানকে
গ্রেপ্তারে পরোয়ানা জারি হবে কিনা সেই বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে।