প্রাণ গ্রুপের কোমল পানীয় ‘প্রাণ আপ’ এর সৌজন্যে ‘ছড়াই ভালবাসার উঞ্চতা- সিজন ৩’ এর অংশ হিসেবে আগামী ২০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি এই কর্মসূচি চলবে।
বুধবার ঢাকার বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অভিনেতা ফজলুর রহমান বাবু ও জিয়াউল হক পলাশ এবারের ক্যাম্পেইনে অংশ নেবেন, তারাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শীত বেশি- এমন জেলা, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের রাজশাহী, দিনাজপুর ও পঞ্চগড় জেলার দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।
প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন, “এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হচ্ছে দেশের উত্তরাঞ্চলে শীতার্ত দরিদ্র মানুষের কাছে কম্বল পৌঁছে দেওয়া।”
এ কর্মসূচিতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়ে তিনি বলেন, প্রাণ আপের ফেইসবুক পেইজে ক্যাম্পেইন সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ওই ভিডিওতে যত বেশি লাইক, শেয়ার কিম্বা ছবি পোস্ট করা হবে, শীতার্ত মানুষের জন্য তত বেশি কম্বল বরাদ্দ করা হবে।
“আগের দুই সিজনে আমরা পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে সচেতন করতে প্রাণ আপের খালি বোতল সংগ্রহ করে রিসাইক্লিং করতাম। কিন্তু এবার মহামারীর কারণে সেই কর্মসূচি বাদ দেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে প্রাণ বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান বলেন, প্রাণ গ্রুপ বিশ্বের ১৪৪টি দেশে পণ্য রপ্তানি করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা আহরণ করে।
“আমরা মূলত সামাজিক দায়বদ্ধতা পালনের জন্য দরিদ্র মানুষের কাছে কম্বল বিতরণের এই কর্মসূচি গ্রহণ করেছি। শীতের মধ্যে সাধারণ মানুষ প্রাণ আপ কম খাবে। কিন্তু এই শীতেও যেন মানুষ প্রাণ আপকে মনে রাখে, সেজন্য কর্মসূচিতে তাদেরও যুক্ত করা হবে ফেইসবুকের মাধ্যমে।”
অভিনেতা ফজলুর রহমান বাবু উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “প্রতিটা মানুষেরই সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে। আমারও সেই দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই আমি এই কর্মসূচিতে যুক্ত হয়েছি।”