ক্যাটাগরি

সিরাজগঞ্জে ফল ঘোষণার পর সংঘর্ষে কাউন্সিলর পদে বিজয়ী নিহত

শনিবার রাত ৮টার দিকে
এই সঘর্ষ হয় বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা জানিয়েছেন।

নিহত তারিকুল ইসলাম
খান (৪৫) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা
করে বিজয়ী হন। পৌরসভার নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে তিনি।

পরিদর্শক গোলাম মোস্তফা
বলেন, ভোট গণনা শেষে রাত ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণা করেন। এতে বিজয়ী হন
তারিকুল। এর পরপরই তার কর্মী-সমর্থকদের সঙ্গে পরাজিত প্রার্থী শাহাদত হোসেনের সমর্থকদের
সংঘর্ষ হয়। এ সময় ছুরিকাঘাতে আহত হন তারিকুল। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত
ঘোষণা করেন।

পরাজিত প্রার্থী শাহাদত
হোসেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানান তিনি।

এ বিষয়ে বক্তব্যের
জন্য শাহাদতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

পরিদর্শক মোস্তফা বলেন,
তারিকুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নতুন ভাঙাবাড়ি ও ব্যাপারিপাড়া এলাকায় বিচ্ছিন্নভাবে
সংঘর্ষে জড়ান দুই পক্ষের সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
করা হয়েছে।