ক্যাটাগরি

আইসিএমএবিতে ইনোভেশন ল্যাব স্থাপন করল রবি

রোববার তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভার্চুয়াল মাধ্যমে
ইনোভেশন ল্যাবটি উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “মাত্র ১২ বছরে একটি শ্রমনির্ভর অর্থনীতি
থেকে প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছে বাংলাদেশ। একটি উন্নত অর্থনীতি হতে হলে
গবেষণা এবং উদ্ভাবনের কোনো বিকল্প নেই। সে প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠিত রবি-আইসিএমএবি
ইনোভেশন ল্যাব একটি চমৎকার উদ্যোগ। এই ইনোভেশন ল্যাবকে আরও এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা
আইসিটি বিভাগ করবে।”

পলক বলেন, “গত ১২ বছরে ফ্রিল্যান্সারের সঙ্গে বিজনেস প্রসেস আউটসোর্সিংয়ে
নানা খাত এগিয়ে যাচ্ছে। অ্যাকাউন্ট্যান্ট খাতে বিপিওতে বিলিয়ন ডলার সুযোগ রয়েছে। তথ্য
প্রযুক্তিতে যে পরিবর্তন আমরা আগামী ১০ বছরে করতে চেয়েছিলাম তা এ মহামারীকালে এগিয়ে
গেছে। পরিবর্তনগুলো খুব দ্রুত হচ্ছে। পরিবর্তনে খাপ খাইয়ে নেব বা নেতৃত্ব দেব সেটাই
এখন প্রশ্ন।”

আইসিএমএবিতে ইনোভেশন ল্যাবে ল্যাপটপ ও স্বল্পমূল্য উচচগতির ইন্টারনেট দেওয়ার
আশ্বাস দেন প্রতিমন্ত্রী পলক।

রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “চতুর্থ
শিল্প বিপ্লবের ওপর ভর করে উদ্ভাবনী ডিজিটাল প্রযুক্তিগুলো দেশের জন্য বিপুল সম্ভাবনার
দ্বার খুলে দিয়েছে। এখন আমাদের যা দরকার তা হল একদল দক্ষ মানবসম্পদ, যারা এই সুযোগকে
কাজে লাগাতে পারবেন। কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের প্রিমিয়ার প্ল্যাটফর্ম
আইসিএমএবির সঙ্গে তেমন একটি উদ্যোগ নিতে পেরে আমরা গর্বিত।”

অনুষ্ঠানে জানানো হয়, আইসিএমএবির শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের
সর্বশেষ ডিজিটাল প্রযুক্তি; যেমন: ডাটা অ্যানালিটিকস, ব্লক চেইন, ইন্টারনেট অফ থিংস
(আইওটি) ইত্যাদির সঙ্গে পরিচিত করার লক্ষ্যে এই ইনোভেশন ল্যাবটি স্থাপন করা হয়েছে।
এছাড়া বিভিন্ন কোম্পানির ব্যবসায়িক সমস্যা সমাধানে বাস্তবসম্মত উদ্ভাবনে ভূমিকা রাখবে
ল্যাবটি।

ল্যাবটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ এবং
কোনো প্রকল্প বা গবেষণার কাজে ল্যাবটিতে যে পরিমাণ সময় ব্যয় করবেন তা তাদের ক্রেডিট
আওয়ার হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছে আইসিএমএবি।

ল্যাব থেকে নির্ধারিত কাজগুলো সফলভাবে শেষ করে পেশাগত সনদ অর্জন করতে পারবেন
শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে রবির চিফ ইনফরমেশন অফিসার আসিফ নাইমুর রশিদ, চিফ হিউম্যান রিসোর্সেস
অফিসার ফয়সাল ইমতিয়াজ খান, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বক্তব্য
রাখেন।

এছাড়া আইসিএমএবির প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন আকন্দ, সাউথ এশিয়ান ফেডারেশন
অফ অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন আইসিএমএবির আইসিটি
কমিটির চেয়ারম্যান মো. ফারুক শিকদার সহ রবি ও আইসিএমএবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।