গত বছর বিষপ্রয়োগে অসুস্থ হয়ে পড়ে মৃত্যুমুখ থেকে ফিরে আসার পর নাভালনি এই প্রথম রাশিয়ায় যাচ্ছেন। বিবিসি জানায়, রোববার জিএমটি ১৪:৩০ মিনিটে তিনি বার্লিন থেকে উড়োজাহাজে উঠেছেন।
গত বছর অগাস্টে একটি অভ্যন্তরীন ফ্লাইটে সার্বিয়া থেকে মস্কো ফেরার সময় এককাপ চা পানের পরই অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন নাভলনি। বিমানবন্দর থেকে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
অবস্থার পরিবর্তন না হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জার্মানি নিয়ে যাওয়া হয়। সেখানেই পরীক্ষায় জানায় যায়, সোভিয়েত আমলে তৈরি বিষাক্ত নার্ভ এজন্টে নোভিচক দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।
নাভালনি ও তার সমর্থকদের অভিযোগ, রুশ সরকার বিশেষ করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই তাকে রাসায়নিক বিষ প্রয়োগে মারার চেষ্টা করা হয়।
অবশ্য ক্রেমলিন ওই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে। পুতিন বলেছেন, যদি রুশ এজেন্টরা তাকে হত্যা করতেই চাইতে, তবে ‘তারা অবশ্যই তাদের কাজ শেষ করত’।
বার্লিনের একটি হাসপাতালে দীর্ঘদিনের চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন নাভালনি। তার স্বাস্থ্যও প্রায় আগের অবস্থায় ফিরে এসেছে।
গত বুধবার নিজের ইন্সটাগ্রামে এক পোস্টে রাশিয়ায় ফেরা এবং পুনরায় রাজনীতি শুরুর কথা জানান এই নেতা। ক্রেমলিন থেকেও তার ফেরার বিষয়ে কোনও আপত্তি নেই বলে জানানো হয়েছে।
তবে ক্রেমলিন মুখে যাই বলুক, বাস্তবে ভিন্ন চিত্রই দেখা যাচ্ছে। ৪৪ বছরের নাভালনি মস্কো বিমানবন্দরে পৌঁছানোর পরপরই গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছে বিবিসি।
রাশিয়ার কারা বিভাগ বলেছে, ২০১৪ সালের একটি মামলায় স্থগিত দণ্ডের শর্ত লঙ্ঘনের অভিযোগে মস্কোতে ফেরামাত্র নাভালনিকে গ্রেপ্তার করা হবে।
মস্কো বিমানবন্দরে এরই মধ্যে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিমানবন্দরের ভেতরে ধাতব ব্যারিয়ারও দেওয়া হয়েছে। অন্তত একজন বিক্ষোভকারী আটক হয়েছেন।
নাভালনির প্রেস সচিব সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন, ছবিতে বিমানবন্দরে পুলিশের গাড়ি দেখা যাচ্ছে।
নাভালনি তার সমর্থকদের বিমানবন্দরে তার সঙ্গে দেখা করতে বলেছেন। ফেসবুকে ‘লেটস মিট নাভালনি’ নামে একটি পাতাও খোলা হয়েছে।
মস্কোয় এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তার মধ্যেও নাভালনির হাজার হাজার সমর্থক তার সঙ্গে দেখা করতে বিমানবন্দরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।
পোবেদা এয়ারলাইনের একটি ফ্লাইটে দেশের পথে রওয়ানা হওয়ার আগে নাভলনি বলেন, “নিশ্চয়ই সবকিছু ভালই হবে। আজ আমি খুব খুশি।”
তিনি অভিযোগ করে বলেন, ক্রেমলিন ইচ্ছা করে তার ফেরার দিন ভনুকোভায় পপ তারকার কনসার্ট রেখেছে এবং জনগণকে সেখানে যেতে উৎসাহিত করেছে। যাতে বিমানবন্দরে তার ভক্তের সংখ্যা কম থাকে।