ক্যাটাগরি

‘১ বছর টেস্ট না খেললেও বাংলাদেশই এগিয়ে’

গত ফেব্রুয়ারিতে সবশেষ
টেস্ট খেলে বাংলাদেশ। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে এই সময়ে বড় দৈর্ঘ্যের কোনো ম্যাচও খেলেননি
মুমিনুল হক, মুশফিকুর রহিমরা। করোনাভাইরাস পরিস্থিতিতে তৃতীয় টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে
ওয়েস্ট ইন্ডিজ। আগের সিরিজগুলোয় খেলা সব খেলোয়াড় হয়তো নেই কিন্তু অনেকেই আছেন খেলার
মধ্যেই।

তবে এতে নিজেদের বাড়তি
কোনো সুবিধা দেখছেন না সিমন্স। সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রতিপক্ষ
যেই হোক, দেশের মাটিতে বাংলাদেশই এখন এগিয়ে থাকে। 

“আমার মনে হয় না, টেস্ট
খেলার ভেতরে থাকাটা এখানে আমাদের এগিয়ে রাখবে। আমার মনে হয়, দেশের মাটিতে যার বিপক্ষেই
খেলুক, বাংলাদেশ সব সময় একটু এগিয়ে থাকবে, এমনকি যদি এক বছর ক্রিকেট নাও খেলে। দেশের
মাটিতে ওরা খুব শক্তিশালী দল।” 

লম্বা বিরতির পর বাংলাদেশের
জন্য এ হবে এক নতুন শুরু। এই সময়ে কিছুটা অস্বস্তিতে থাকা স্বাভাবিক। সেই সুযোগ নিতে
মুখিয়ে সিমন্স।

“আমার মনে হয়, টেস্টের
শুরুতে ওরা একটু নড়বড়ে হতে পারে। প্রায় এক বছর ধরে ওরা এই সংস্করণে খেলে না। টেস্টে
ফেরার সময়ে শুরুতে একটু ভুগতেই পারে। আমি নিশ্চিত, ওরা দ্রুতই এটা সামলে নেবে। তামিম,
সাকিবের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান আছে তাদের। হয়তো বেশি সময় ধরে নড়বড়ে থাকবে না কিন্তু
যদি থাকে, সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে।”  

আগামী বুধবার চট্টগ্রামের
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।