বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকার টিনশেড ঘরের ওই বস্তিতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মকর্তা জানিয়েছেন।
নিহত ইসমাইল হোসেন (১) গাইবান্ধার সাঘাটা থানার পাকুলি এলাকার বাদল মিয়ার ছেলে। তারা তেলিরচালা তালতলা এলাকায় ওই বস্তিতে ভাড়া থাকে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবিরুল আলম জানান, বাদল মিয়া ওই বাড়িতে ভাড়া থেকে এলাকায় রিকশা চালান।
“বুধবার সকালে বাদল মিয়া স্ত্রী-সন্তানদের ঘরে রেখে প্রতিদিনের মতো রিকশা নিয়ে বেরিয়ে যান। পরে তার স্ত্রীও দুই সন্তানকে ঘরে ভেতরে রেখে পাশেরবাড়ি যান। কিছু সময় পর বড় ছেলেটিও ইসমাইলকে ঘুমন্ত অবস্থায় ঘরে রেখে তালা আটকে বাইরে যায়।
“এক পর্যায়ে সকাল ৭টার দিকে ওই কলোনিতে অগ্নিকাণ্ড ঘটে। আগুন দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে কলোনিতে ছড়িয়ে পড়ে।”
তিনি জানান, খবর পেয়ে কালিয়াকৈর ফায়ারস্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।
আগুনে ঘরের ভেতরে আটকেপড়া শিশুটিসহ কলোনির ১৮টি কক্ষ এবং কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে বলেন তিনি।
রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ফুলবাড়িয়া বাজারে অগ্নিকাণ্ড
এদিকে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাজারে এক অগ্নিকাণ্ড ঘটেছে।
শ্রীপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়া রাজ উদ্দিন জানিয়েছেন, রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ অগ্নিকাণ্ডে দুইটি দোকান ও মালামাল পুড়ে গেছে।আাগুনে ওই দোকানে থাকা ফ্রিজ, চাল, ডালসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলেন তিনি।