ক্যাটাগরি

উৎসবমুখর পরিবেশে ভোট চলছে

রোববার সকাল থেকেই নারী ও পুরুষ ভোটররা কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়েছেন। কয়েকটি কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে।

সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় এক কাউন্সিলর প্রার্থীকে হইচই করার কারণে দুই ঘণ্টা আটক রেখে ছেড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া আরও কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

বিভিন্ন জেলা থেকে পাঠানো সংবাদে এই চিত্র পাওয়া গেছে।

৫৫ পৌরসভায় প্রায় ১৭ লাখ ভোটার এদিন তাদের পৌরসভার জন্য নতুন মেয়র ও কাউন্সিলর বেছে নেবেন এ নির্বাচনের মধ্য দিয়ে।

২৯ পৌরসভায় ভোট হচ্ছে ইভিএমে, বাকি ২৬ পৌরসভায় পুরনো পদ্ধতিতে ব্যালট পেপারে ভোটগ্রহণ হচ্ছে।

মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ কয়েকটি দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা ও ধানের শীষের প্রার্থীর মধ্যেই।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, শান্তিপূর্ণ পরিবেশে ঠাকুরগাঁও ও রাণীশংকৈল পৌরসভা ভোটগ্রহণ চলছে। ঠাকুরগাঁও পৌরসভায় ইভিএম ও রাণীশংকৈলে ব্যালটের মাধ্যমে ভোট হচ্ছে।

ঠাকুরগাঁও পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত, আঞ্জুমান আরা বেগম বন্যা, বিএনপির শরিফুল ইসলাম শরিফ ও ইসলামী বাংলাদেশের আনোয়ার হোসেন।

রাণীশংকৈলে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত মোস্তাফিজুর রহমান, আ.লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর সরকার, আব্দুল খালেক, নওরোজ কাউসার কানন, রফিউল ইসলাম, ইসতেখার আলী, সাধন বসাক এবং রুকুনুল ইসলাম ডলার।

বিএনপি মনোনীত মাহমুদুন নবী পান্না বিশ্বাস, বিদ্রোহী মোখলেসুর রহমান, জাতীয় পার্টির আলমগীর হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মোকাররম হোসাইন। 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. জিলহাজ উদ্দীন বলেন, ঠাকুরগাঁও পৌরসভায় ১২টি ওয়ার্ডে ২১টি কেন্দ্রের ১৮৬টি কক্ষে ভোটগ্রহণ চলছে। রাণীশংকৈল পৌরসভায় ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৪০টি কক্ষে ভোটগ্রহণ চলছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ করার জন্য বিজিবি, পুলিশ, ভ্রাম্যমান আদালতসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ভালোভাবে ভোটগ্রহণ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জয়পুরহাট

জয়পুরহাটের আক্কেলপুরে ইভিএমে ও কালাইয়ে ব্যলটের মাধ্যমে  ভোট হচ্ছে।

সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে  ভোটাররা পছন্দের প্রার্থীকে বেছে নিতে লাইনে দাঁড়িয়েছেন। পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।

কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, কালাই পৌরসভায় মেয়র পদে তিন জন, কাউন্সিলর পদে পঁচিশ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে এগারোজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এছাড়া আক্কেলপুর পৌরসভায় মেয়র পদে পাঁচ জন, কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ জন প্রার্থী রয়েছেন।

পুলিশ সুপার সালাম কবির জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের মিরকাদিমে উৎসব মুখর পরিবেশে ভোট চলছে। ইভিএম পদ্ধতিতে এখানে ৯টি ওয়ার্ডে ভোটার ৩৭ হাজার ৬৫৬ জনের ভোট দেওয়ার কথা।

জেলা সহকারী রিটার্নিং অফিসার বদরুদ্দৌজা ভূইয়া বলেন, এই নির্বাচনে মেয়র পদে ৪ জন ও ৪৮ কাউন্সিলর পদে ৪৮ প্রার্থী ভোট লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।

শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে জানিয়ে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি, সর্বত্র চলছে ভোট উৎসব।

সাতক্ষীরা

সাতক্ষীরা পৌরসভার ৩৭টি কেন্দ্রে এই প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হচ্ছে।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন। এরা হলেন আওয়ামী লীগের শেখ নাসেরুল হক, বিএনপির তাজকিন আহমেদ চিশতি, স্বতন্ত্র নাসিম ফারুক খান মিঠু ও মো. নুরুল হুদা এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মোস্তাফিজুর রউফ। এছাড়া সংরক্ষিত ওয়ার্ডে  ১২ জন নারী ও সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার নাজমুল কবির বলেন, এবার ভোটার ৮৯ হাজার ২২৪ জন। তাদের মধ্যে নারী ভোটার ৪৫ হাজার ৮০৬ এবং পুরুষ ভোটার ৪৩ হাজার ৪১৮ জন।

নির্বাচনকে কেন্দ্র করে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে তিনি জানান। ১৪-

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ চলছে।

সরেজমিনে দেখা গেছে, ভোটাররা ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ভোট দিচ্ছেন।

ভোট গ্রহণের শুরুতে আখাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় ভোটারদের উপচেপড়া ভিড়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।  

রেলওয়ে উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আব্দুল লতিফ বলেন, এই কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ৩৪৫ জন। আখাউড়া পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে।

“তাই ভোটারদের মাঝে ভিন্ন মাত্রার আগ্রহ সৃষ্টি হয়েছে।” 

মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপিসহ মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪১ জন এবং ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌরসভার মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন।

চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জ পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ চলছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা মোতাওক্কিল রহমান জানান, ১৫টি কেন্দ্রে ৩২ হাজার ৯৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মেয়র পদে তিন জন, কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।