কোন চলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু করবেন আমির খানের বড় ছেলে জুনায়েদ খান, তা নিয়ে গুঞ্জনের অবসান হল ১৫ ফেব্রুয়ারি। এক সূত্রের বরাত দিয়ে টাইম অফ ইন্ডিয়া জানায়, সোমবার থেকে মুম্বাইতে শুরু হচ্ছে ‘মহারাজ’ ছবির শুটিং। আর এই ছবির মাধ্যমে বলিউডে পা রাখছেন জুনায়েদ খান।
যশ রাজ ফিল্মসের ব্যানারে, গুজরাটের লেখক ও সমাজ সংস্কারক কর্সনদাস মুলজিরের জীবনীমূলক এই ছবির হাল ধরছেন ‘হিচকি’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ মালহোত্রা।
১৮৬২ সালে চাঞ্চল্যকর ‘মহারাজের মিথ্যা মামলা’র ওপর নির্মিত এই সময়-ভিত্তিক ছবিতে জুনায়েদ অভিনয় করছেন মুলজি’র ভূমিকায়। জানা গেছে এই চরিত্রের জন্য নাকি তিনি গত পাঁচ মাস ধরে প্রস্তুতি নিয়েছেন।
‘মহারাজ’ ছবিটি ইতিহাস নির্ভর হওয়ার কারণে সেই সময়ের পরিবেশ ফুটিয়ে তুলতে গত একমাস ধরে মুম্বাইয়ের বিজয় নগরে বিশাল সেট তৈরি করা হয়েছে। আর সোমবার সেখানেই শুরু হচ্ছে জুনায়েদের শুটিং।