ক্যাটাগরি

মিশরে বিয়ারের ‘প্রাচীনতম’ কারখানা আবিষ্কার

বিবিসি জানায়, মিশর ও আমেরিকার প্রত্নতাত্ত্বিকদের একটি যৌথ দল মরভূমিতে বালি-মাটির নিচে চাপা পড়া ওই কারখানাটি খুঁজে পান।

‘দ্য সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকুইটিস’ তথ্যানুযায়ী, সম্ভবত মিশরের প্রাচীনতম নর্মার রাজাদের আমলে ওই বিয়ারের কারখানাটি নির্মাণ করা হয়েছিল।

কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়, ‘‘আমাদের বিশ্বাস এটা বিশ্বের সবচেয়ে পুরাতন বিয়ারের কারখানা।”

প্রায় পাঁচ হাজার বছর আগে নর্মার রাজা মিশর শাসন করতেন। তিনি মিশরে প্রথম রাজবংশের প্রতিষ্ঠাতা এবং মিশরকে একত্রিত করেন।

বিয়ারের ওই কারখানাটি আটটি বড় বড় অংশে বিভক্ত। যেগুলোর প্রতিটি ৬৫ ফুট লম্বা এবং সেগুলোতে প্রায় ৪০টি মাটির পাত্র দুই সারিতে সাজানো।

প্রত্নতাত্ত্বিক দলটির সহপ্রধান নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ম্যাথিউ অ্যাডামস বলেন, ‘‘এখানে তৈরি বিয়ার খুব সম্ভবত বিশেষ করে রাজকীয় অনুষ্ঠানের জন্য পাঠানো হতো।”

কারখানাটিতে একবারে খুব সম্ভবত প্রায় সাড়ে ২২ হাজার লিটার বিয়ার তৈরি করা যেত।