প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৃহস্পতিবার এক শোক বার্তায়
বলেছেন, “পঞ্চমবারের মত নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান
শরীফ আজীবন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
আদর্শের সৈনিক হিসেবে দেশ ও জাতির সেবা করে গেছেন।
“১৯৮১ সালে ছয় বছরের নির্বাসন শেষে দেশে ফিরে আসার পর থেকে আমি শামসুর
রহমান শরীফকে দেখেছি তিনি বৃহত্তর পাবনা অঞ্চলে আওয়ামী লীগের ঝাণ্ডা উড্ডীন রেখেছেন।
সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এজন্য তাকে ও তার পরিবারের
সদস্যদের অমানুষিক নির্যাতন, জুলুমের শিকার হতে হয়েছে। কিন্তু তিনি কখনোই বঙ্গবন্ধুর
আদর্শ থেকে, আওয়ামী লীগের আদর্শ থেকে বিচ্যুত হননি।”
ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান
জাতীয় সংসদে পাঁচবার আটঘরিয়া-ঈশ্বরদীর (পাবনা-৪) মানুষের প্রতিনিধিত্ব করা ডিলু। এই
রাজনীতিবিদ আমৃত্যু পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
প্রধানমন্ত্রী তার শোক বার্তায় বলেন, তৃণমূলের নেতা হিসেবে শামসুর রহমান
শরীফ সব সময় এলাকার সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করে গেছেন।
“তিনি ছিলেন গণমানুষের নেতা। শামসুর রহমান শরীফের মৃত্যুতে দেশ ও জাতি
এক মহান বীর মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদকে হারালো আর এলাকাবাসী হারালো তাদের প্রাণপ্রিয়
নেতাকে।”
প্রধানমন্ত্রী প্রবীণ এই রাজনীতিবিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার
শোকসন্তপ্ত পবিারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।