ক্যাটাগরি

আচমকা লে-অফ, চট্টগ্রামে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

বেপজা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সমাধান না পেয়ে সিইপিজেডের চার নম্বর
রোডের ‘পদ্মা ওয়্যারস লিমিটেড’ এর পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী চট্টগ্রাম প্রেস ক্লাবের
সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।

বুধবার বেলা সাড়ে এগারটার দিকে কারখানার শ্রমিক-কর্মচারীরা এ বিক্ষোভ করে
তাদের বকেয়া টাকা পরিশোধের দাবি জানায়। দুপুর দুইটার দিকে পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা
অবরোধ তুলে নেয়।

‘পদ্মা ওয়্যারস লিমিটেড’ এর মালিক নেছার উদ্দিন সোহাগ। কারখানাটিতে ১৪০০
এর মতো শ্রমিক-কর্মচারী কাজ করেন।

মোশাররফ হোসেন নামের একজন শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের
দুই মাসের বেতন, ভবিষ্য তহবিলসহ বিভিন্ন ভাতা বকেয়া রয়েছে।

“মঙ্গলবারও আমরা কারখানায় কাজ করেছি। কিন্তু বুধবার সকালে কারখানায় গিয়ে
৪৫ দিন লে-অফের নোটিস দেখি।”

কোন ঘোষণা ছাড়াই মালিকপক্ষ কারখানায় লে-অফ ঘোষণা করেছে অভিযোগ করে তিনি
বলেন, “আমরা বেপজা কর্তৃপক্ষের কাছে গেলেও তাদের কাছ থেকে কোনো সমাধান না পেয়ে প্রেস
ক্লাবের সামনে এসে বিক্ষোভ করছি।”

কোতয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, “আমরা বেপজা কর্তৃপক্ষের সঙ্গে কথা
বলে বৃহস্পতিবার শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বৈঠকের আশ্বাস দেওয়ার পর তারা সড়ক থেকে
অবরোধ সরিয়ে নেয়।”