ক্যাটাগরি

চাঁদে মহাকাশ স্টেশন বানাবে চীন-রাশিয়া

রাশিয়ার মহকাশ সংস্থা রসকসমস বলেছে, চন্দ্রপৃষ্ঠে, কক্ষপথে কিংবা উভয় জায়গায় গবেষণা কেন্দ্র নির্মাণে চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সমঝোতা হয়েছে তাদের।

মহাকাশ কেন্দ্রটি হলে অন্য দেশগুলোও তা ব্যবহার করতে পারবে, চীন-রাশিয়ার বিবৃতিতে এমনটাই বলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

মহাকাশে প্রথম মনুষ্যবাহী যান পাঠানোর ৬০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রস্তুতির মধ্যে চাঁদে মহাকাশ স্টেশন বানানোর এ পরিকল্পনার কথা সামনে এলো। ১৯৬১ সালের এপ্রিলে ভস্তক ১ এ চড়ে রুশ নভোচারী ইউরি গ্যাগারিন প্রথম মহাকাশে গিয়েছিলেন।

নতুন যে ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক স্টেশন বানানোর পরিকল্পনা হচ্ছে, তা চাঁদে অনুসন্ধানসহ বিস্তৃত বৈজ্ঞানিক গবেষণা চালাবে, বলেছে চীন ও রাশিয়ার মহাকাশ সংস্থা।

পরিকল্পনা, নকশা, গবেষণা কেন্দ্র নির্মাণ ও পরিচালনায় রাশিয়া ও চীন একে অপরকে সহায়তা করবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।