ভারতের রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে শুক্রবার রাতে
বাংলাদেশ লেজেন্ডসের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজের সাবেকরা। ১৭০ রানের লক্ষ্য
তারা ছুঁয়ে ফেলেছে ৭ বল বাকি রেখে।
টুর্নামেন্টে বাংলাদেশের সাবেকদের এটি টানা চতুর্থ হার।
ওয়েস্ট ইন্ডিজের জয়ে বড় অবদান কার্ক এডওয়ার্ডসের। ২৮
বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৬ করেন তিনি। অধিনায়ক ব্রায়ান লারা অপরাজিত ছিলেন ৩ চারে ২৩
বলে ৩১ রান করে।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে ভালো শুরু এনে দেন
নাজিমউদ্দিন ও মেহরাব। টিনো বেস্টের প্রথম ওভারেই অতিরিক্ত রান ও নাজিমউদ্দিনের চারে
১৬ রান পায় তারা।
অ্যাডাম স্যানফোর্ডের পরের ওভারে কোনো রানই নিতে পারেননি
মেহরাব। পরে অবশ্য রান এসেছে দুই জনের ব্যাটেই। পাওয়ার প্লেতে বাংলাদেশ পায় ৪১ রান।
এরপরই উইকেট হারায় দলটি। রায়ান অস্টিনকে পরপর দুই বলে
ছক্কায় উড়িয়ে রান আউটে কাটা পড়েন নাজিমউদ্দিন। ২৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রান করেন
তিনি। ভাঙে ৬৪ রানের উদ্বোধনী জুটি।
ব্যাটিংয়ে নেমেই আক্রমণ শুরু করেন আফতাব। স্যানফোর্ডের
টানা দুই বলে মারেন একটি করে ছক্কা-চার। মেহরাবও দ্রুত বাড়াতে থাকেন রান।
বেস্টের বলে আফতাব ক্যাচ দেন উইকেটের পেছনে। ২১ বলে তার
৩১ রানের ইনিংসে ৪ চার ও এক ছক্কা। অস্টিনের পরপর দুই বলে ফিরে যান ৪৫ বলে ৪৪ করা মেহরাব
ও আব্দুর রাজ্জাক।
এরপর দলের রানের চাকায় দম দেন শরিফ। অস্টিনের ওভারে মারেন
তিন ছক্কা। ১৮তম ওই ওভার থেকে বাংলাদেশ পায় ২২ রান। ওই তিন ছয়েই ১৩ বলে ২৬ করে সুলেমান
বেনের বলে আউট হন শরিফ।
বল হাতেও দারুণ শুরু করে বাংলাদেশ। মুশফিকুর রহমান বাবুর
প্রথম ওভারে কেবল ৪ রান নিতে পারে ওয়েস্ট ইন্ডিজ। পরের ওভার থেকেই আসতে থাকে ক্যারিবিয়ানদের
রান।
শরিফের ওভারে আসে দুই চার। মুশফিকুরের ওভারে চারটি চার।
তবে উইকেটও পান একটি। ১৪ বলে ২২ রান করা উইলিয়াম পারকিন্সকে ফেরান তিনি।
রাজ্জাককে চার মেরে পরের বলেই বোল্ড হয়ে যান ডোয়াইন স্মিথ।
এরপর শুরু হয় এডওয়ার্ড ঝড়। রফিককে টানা দুটি চার মারেন তিনি। খালেদ মাহমুদের এক ওভারে
দুই চারের সঙ্গে ছক্কা হাঁকান একটি।
এরপর রফিকের ওভারে মারেন আরও দুটি চার ও একটি ছক্কা।
রাজ্জাকে চার মেরে ওই ওভারেই ফিরে যান এডওয়ার্ডস। রান আউটে কাটা পড়েন ৩৪ রান করা রিডলে
জ্যাকবস।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক লারা রাজিন সালেহর ওভারে মারেন
তিন বাউন্ডারি। টিনো বেস্টকে দ্রুত ফিরিয়ে দেন রফিক। ১৯তম ওভারে রাজ্জাককে চার মেরে
দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মহেন্দ্র নাগামুতু।
আগামী সোমবার দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসের বিপক্ষে খেলবে
বাংলাদেশ লেজেন্ডস।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ লেজেন্ডস: ২০ ওভারে ১৬৯/৭ (নাজিমউদ্দিন ৩৩, মেহরাব ৪৪, আফতাব ৩১, শরিফ ২৬, রাজ্জাক ০, মাসুদ
৫, মুশফিকুর ৩*, রফিক ০, রাজিন ৫*; বেস্ট ৪-০-৩৩-১, স্যানফোর্ড ৩-১-২৭-০, বেন ৪-০-১৭-৩,
অস্টিন ৪-০-৪৩-২, রামনারাইন ৩-০-২৬-০, স্মিথ ২-০-১৬-০)।
ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস: ১৮.৫ ওভারে ১৭৩/৫ (পারকিন্স ২২, জ্যাকবস ৩৪, স্মিথ ১০, এডওয়ার্ডস ৪৬, লারা ৩১*,
বেস্ট ৫, নাগামুতু ১৬*; মুশফিকুর ২-০-২০-১, শরিফ ২-০-২২-০, রাজিন ৪-০-২৭-০, রাজ্জাক
৩.৫-০-৩৪-২, রফিক ৪-০-৩৮-১, মাহমুদ ৩-০-৩০-০)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ
লেজেন্ডস ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: সুলেমান বেন।